রাজ্যে পালাবদলের পর একের পর এক প্রাক্তন TMC নেতার বিরুদ্ধে নানা অভিযোগ সামনে আসছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেতা ও প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakroborty)। তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে চারু মার্কেট থানায় এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ, একটি ছবিতে অভিনয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রযোজকের কাছ থেকে ১ কোটি ৫ লক্ষ টাকা অগ্রিম নেওয়ার পরও তিনি চুক্তি অনুযায়ী কাজ করেননি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৯ মে চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের মঙ্গলপুর এলাকার বাসিন্দা ও চলচ্চিত্র প্রযোজক তরুণ দাস। তাঁর অভিযোগ, ২০২২ সালে একটি সিনেমায় অভিনয়ের জন্য সোহমকে মোটা অঙ্কের পারিশ্রমিক দেওয়া হয়েছিল। সেই সময় সোহম বিধায়ক পদে ছিলেন। কিন্তু টাকা গ্রহণ করার পরও তিনি ছবির শুটিংয়ে অংশ নেননি। ফলে প্রযোজক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে সোহমের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। সূত্রের খবর, মামলায় কয়েকটি জামিন-অযোগ্য ধারাও যুক্ত করা হয়েছে। কলকাতা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে।
অন্যদিকে, অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সোহম চক্রবর্তী। তাঁর দাবি, অভিযোগকারী তরুণ দাসই তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এই বিষয়ে তিনিও আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।
উল্লেখ্য, অতীতেও একাধিক বিতর্কে জড়িয়েছে সোহমের নাম। ২০২৪ সালে নিউটাউনের সাপুরজি এলাকার একটি রেস্তোরাঁয় মালিককে মারধরের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পরে সেই ঘটনার কথা স্বীকার করে সোহম দাবি করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে কটূক্তি করার কারণেই তিনি ওই ব্যক্তির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন। বর্তমানে নতুন এই প্রতারণার অভিযোগকে ঘিরে রাজনৈতিক ও চলচ্চিত্র মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।





