Header AD

গ্রেপ্তারির আশঙ্কায় হাই কোর্টে আগাম জামিনের আবেদন অদিতি মুন্সি-দেবরাজের! শুক্রবার শুনানির সম্ভাবনা

aditi debraj

প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা গায়িকা অদিতি মুন্সি (Aditi Munshi)-র স্বামী দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)-কে ঘিরে মঙ্গলবার রাত থেকেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়। প্রথমে তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লেও পরে জানা যায়, আসলে গ্রেপ্তার হয়েছেন তাঁর ঘনিষ্ঠ অমিত চক্রবর্তী। তবে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে যে কোনও সময়ে গ্রেপ্তারির সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছেন দেবরাজ ও অদিতি। সেই কারণেই বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন।বিচারপতি জয় সেনগুপ্ত এই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।সূত্রের খবর, শুক্রবার মামলার শুনানি হতে পারে।

উত্তর ২৪ পরগনার রাজারহাট-গোপালপুর এলাকার পরিচিত রাজনৈতিক মুখ দেবরাজ চক্রবর্তী। যুব তৃণমূল কর্মী হিসেবে তাঁর রাজনৈতিক জীবনের শুরু। ২০১৩ সালে পুরসভার উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলেও তৃণমূলের টিকিট পাননি। ২০১৫ সালেও একই পরিস্থিতির মুখে পড়ে তিনি কংগ্রেসে যোগ দেন এবং বিধাননগর পুরনিগমের ৭ নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়লাভ করেন। পরে আবার তৃণমূলে ফিরে আসেন।

রাজনীতিতে স্ত্রী অদিতি মুন্সির প্রবেশেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দেবরাজের। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজারহাট-গোপালপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হন অদিতি।

উল্লেখ্য দীর্ঘদিন ধরেই এই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তোলাবাজি, হুমকি এবং নিয়োগ দুর্নীতির মতো একাধিক অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সময়ে অদিতির নির্বাচনী হলফনামায় সম্পত্তির পরিমাণ সঠিকভাবে উল্লেখ না করার অভিযোগও সামনে এসেছে। এই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তারির সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন অদিতি ও দেবরাজ। আর সেই কারণেই আগাম আইনি সুরক্ষার জন্য হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা।