কলকাতার নীলরতন সরকার (NRS Medical College & Hospital) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ও নার্সদের হেনস্তার অভিযোগ উঠেছে রোগীর পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাসপাতালের ইএনটি বিভাগের জরুরি পরিষেবায়। এই ঘটনার প্রতিবাদে রেসিডেন্ট চিকিৎসকেরা কড়া পদক্ষেপের দাবি তুলেছেন এবং প্রয়োজনে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত প্রায় আড়াইটে নাগাদ এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। তার আগে রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ একটি তিন বছরের শিশুকে হাসপাতালে আনা হয়। শিশুটি একটি কয়েন গিলে ফেলেছিল। চিকিৎসকেরা শিশুটিকে ভর্তি করে তার পরিবারের সদস্যদের জানান, অস্ত্রোপচারের আগে অন্তত ছয় ঘণ্টা অপেক্ষা করতে হবে, কারণ পেট খালি না থাকলে অপারেশন করা সম্ভব নয়।
অভিযোগ, এই কথা জানানোর পরেই চিকিৎসক ও নার্সদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে শিশুটির পরিবারের লোকজন। পরে কয়েকজন আয়া-ও ওই ঘটনায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন কর্তব্যরত এক নিরাপত্তারক্ষীকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।
রেসিডেন্ট চিকিৎসকদের দাবি, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও কার্যত কোনও ব্যবস্থা নেয়নি। এই ঘটনার পরই ইএনটি বিভাগের চিকিৎসকেরা হাসপাতালের সুপার ও অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দ্রুত ব্যবস্থা না নিলে জরুরি পরিষেবায় কর্মবিরতিতে যাওয়ার সতর্কবার্তা দিয়েছেন।





