পশ্চিমবঙ্গে শিল্পায়নের নতুন অধ্যায়ের ইঙ্গিত মিলছে। হাওড়ার সাঁকরাইলে বড়সড় বিনিয়োগের পরিকল্পনা করেছে দেশের শীর্ষ দুগ্ধ ব্র্যান্ড আমুল (Amul)। প্রায় ৬৫০ কোটি টাকার এই প্রকল্পের মাধ্যমে সেখানে গড়ে উঠতে চলেছে দেশের অন্যতম বৃহৎ ডেয়ারি উৎপাদন কেন্দ্র। আগামী ১৩ জুন এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, হাওড়ার সালকিয়া ফুড পার্কে আমুলের প্রথম পূর্ণাঙ্গ মালিকানাধীন ডেয়ারি কারখানা নির্মাণ করা হবে। এই প্রকল্পকে ঘিরে রাজ্যে দুগ্ধ শিল্পের পরিকাঠামো আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন জয়েন মেহতা (Jayen Mehta) এবং অমিত ব্যাস (Amit Vyas)। বৈঠকে রাজ্যে আমুলের বিনিয়োগ, উৎপাদন সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই বৈঠকের পরই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
নতুন কারখানায় প্রতিদিন প্রায় ১০ লক্ষ কিলোগ্রাম দই, লস্যি এবং ঘোল উৎপাদনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। প্রকল্পটি দু’দফায় বাস্তবায়িত হবে এবং নির্মাণের দায়িত্বে থাকবে গুজরাটের একটি সংস্থা।
শুধু হাওড়াতেই নয়, ভবিষ্যতে উত্তরবঙ্গেও ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে আমুলের। ফলে রাজ্যের দুগ্ধ শিল্পে নতুন বিনিয়োগের পাশাপাশি কৃষক ও দুগ্ধচাষীদের জন্যও নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে শতাধিক বিশিষ্ট অতিথি ও বহু দুগ্ধচাষীর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। শিল্প ও কৃষিভিত্তিক অর্থনীতির সমন্বয়ে এই প্রকল্প পশ্চিমবঙ্গের অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই আশা করা হচ্ছে।





