নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণের পথে বড় পদক্ষেপ নিল রাজ্যের নবগঠিত বিজেপি সরকার (BJP Government)। সোমবার দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকের পর নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)ঘোষণা করেন, আগামী ১ জুন থেকেই শুরু হচ্ছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প।সরকার গঠনের মাত্র ৯ দিনের মাথায় হওয়া এই গুরুত্বপূর্ণ বৈঠকে সপ্তম পে কমিশন, ধর্মীয় ভাতা-সহ একাধিক বিষয়ে আলোচনা হয়।
এদিন বৈঠক শেষে মন্ত্রী জানান, এতদিন যারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়েছেন, তাঁরাই এবার অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় মাসিক ৩ হাজার টাকা করে পাবেন।অনেকের মধ্যেই সংশয় ছিল, এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়া উপভোক্তাদের কী হবে। এদিন সেই বিষয়েও স্পষ্ট বার্তা দিয়েছে সরকার। জানানো হয়েছে, যারা সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন কিংবা নাম বাদ যাওয়ার পর ট্রাইবুন্যালে আবেদন করেছেন, তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন।
এছাড়া নতুন আবেদনকারীদের জন্য খুব শীঘ্রই একটি অনলাইন পোর্টাল চালু করা হবে বলেও ঘোষণা করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা। ওই পোর্টালে আবেদন করার পর প্রয়োজনীয় নথি যাচাই করা হবে এবং অনুমোদন মিললেই সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা পাঠানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী।





