Header AD

আরও এক ভারতবিরোধী নিহত, জইশের শীর্ষ নেতা মাসুদ আজহারের ভাই তাহিরের রহস্যমৃত্যু

masood azhar brother death

পাকিস্তানে জইশ-ই-মহম্মদের (Jaish-I-Muhammed) সঙ্গে যুক্ত শীর্ষ নেতা এবং সংগঠনের প্রধান মাসুদ আজহারের (Masood Azhar) ভাই মহম্মদ তাহির আনোয়ারের মৃত্যুর খবর সামনে এসেছে। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেলেও, তার মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।

সূত্রের দাবি, সোমবার রাতে বাহাওয়ালপুরের জামিয়া মসজিদ উসমান ওয়ালিতে তাহিরের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। তবে তিনি অসুস্থতার কারণে মারা গেছেন, নাকি কোনও হামলার শিকার হয়েছেন—তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। এই বিষয়ে পাকিস্তান সরকারের তরফেও কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি, ফলে বিষয়টি নিয়ে জল্পনা বাড়ছে।

শেষকৃত্যের পর জইশ-ই-মহম্মদের সোশ্যাল মিডিয়া মাধ্যমে তাহির আনোয়ারের মৃত্যুর খবর জানানো হয়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ভারতবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত এই সংগঠনটি ভারতের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়ে আসছে। সংসদ হামলা (২০০১), পাঠানকোট (২০১৬), উরি (২০১৬) এবং পুলওয়ামা (২০১৯)-এর মতো একাধিক হামলার সঙ্গে জইশের নাম জড়িয়ে রয়েছে।

এদিকে, সম্প্রতি পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে ভারত ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)  চালায়। এই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের (POK) একাধিক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। বাহাওয়ালপুরে জইশের সদর দপ্তরও এই অভিযানের লক্ষ্যবস্তু ছিল। ওই হামলায় মাসুদ আজহারের পরিবারের কয়েকজন সদস্য নিহত হয়েছিলেন বলে জানা যায়।

তাহির আনোয়ারের মৃত্যু জইশ সংগঠনের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে, এবং তা ভারতের নিরাপত্তার ক্ষেত্রে স্বস্তির বার্তা হিসেবেও দেখা হচ্ছে।