Header AD
Trending

ফের হাইকোর্টে ধাক্কা! কণ্ঠস্বর নমুনা মামলায় মিলল না রক্ষাকবচ, আরও চাপে অভিষেক?

ab murshidabad

কন্ঠস্বর নমুনা সংক্রান্ত মামলায় হাইকোর্টে আবার বড় ধাক্কার মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই মামলায় হস্তক্ষেপ করতে নারাজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শুধু তাই নয় এই মামলায় আদালতের পক্ষ থেকে রক্ষাকবচও মিলল না। ফলে ডায়মন্ড হারবারের সাংসদের আইনি চাপ আরও বাড়ল।

ঘটনার সূত্রপাত ভোটপ্রচারে ডিজে বাজানো নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে। সেই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হওয়ার পর থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে সিআইডি অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়। মঙ্গলবার তাঁর কণ্ঠস্বর রেকর্ড করার কথা ছিল।

পুলিশের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দ মামলা দায়েরের অনুমতি দেন। সোমবার মামলার শুনানি হওয়ার কথা থাকলেও বিচারপতি এজলাসে উপস্থিত না থাকায় শুনানি হয়নি। দ্রুত শুনানির জন্য বিকল্প বেঞ্চের সন্ধান করেন অভিষেকের আইনজীবীরা।

মঙ্গলবার সেই মামলার শুনানি ওঠে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে।শুনানির সময় বিচারপতি তদন্তে আদালতের হস্তক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর পর্যবেক্ষণ, তদন্তকারী সংস্থা কীভাবে প্রমাণ সংগ্রহ করবে, তা তাদের নিজস্ব বিষয়। আদালত কেন সেই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে, তা নিয়েই প্রশ্ন ওঠে।

এই সময় অভিষেকের আইনজীবী আদালতে বলেন, “আমরা স্বীকার করছি, ওই কণ্ঠস্বর তাঁরই।” এর পাল্টা জবাবে বিচারপতি প্রশ্ন তোলেন, “যদি কণ্ঠস্বর তাঁরই হয়, তবে পুলিশের কাছে গিয়ে নমুনা দিতে আপত্তি কোথায়?”

এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট জানান, তিনি এই মামলায় হস্তক্ষেপ করতে আগ্রহী নন। তিনি উল্লেখ করেন, এফআইআর খারিজের আবেদন ইতিমধ্যেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বিচারাধীন। সেই কারণে বর্তমান মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

ফলে মামলাটি ফের প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে, যাতে নতুন বেঞ্চ নির্ধারণ করা যায়। বিচারপতি ঘোষের মন্তব্য, “যেহেতু বিষয়টি অন্য বেঞ্চে বিচারাধীন, সেখানে গিয়ে প্রয়োজনীয় বক্তব্য পেশ করুন।”

অন্যদিকে, অভিষেকের আইনজীবী আদালতে আশঙ্কা প্রকাশ করে বলেন, আদালত আগেই তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ দিয়েছিল। এখন কণ্ঠস্বরের নমুনা না দিলে পুলিশ অসহযোগিতার অভিযোগ তুলতে পারে। তবে শেষ পর্যন্ত কণ্ঠস্বর নমুনা সংক্রান্ত মামলায় মঙ্গলবার কোনও অন্তর্বর্তী সুরক্ষা দেয়নি হাই কোর্ট।