সোনারপুরে হামলার ঘটনার পর নিজের নিরাপত্তা বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)! কদিন ধরেই এই নিয়ে রাজনৈতিক মহলে রোজ চর্চা চলছে। এবার এই বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে স্পষ্ট জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি একে ‘মিথ্যা- অপপ্রচার’ বলে দাবি করে বিজেপিকে নিশানা করেছেন তিনি।
শনিবার সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে তিনি লেখেন, সোনারপুরে তাঁর উপর হামলার ঘটনার পর এক সপ্তাহ কেটে গেলেও তিনি ব্যক্তিগত নিরাপত্তা বৃদ্ধির জন্য কোনও বিশেষ আবেদন করেননি।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক বার্তায় অভিষেক বলেন, ঘটনাটি এমন সময়ে ঘটেছে যখন কেন্দ্র ও রাজ্য— দুই সরকারেরই নিরাপত্তা নজরদারি কার্যকর ছিল। ফলে কীভাবে এই হামলা ঘটল এবং কোথায় নিরাপত্তার ঘাটতি ছিল, সেই প্রশ্নের উত্তর দুই সরকারকেই দিতে হবে।পাশাপাশি এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়ে সওয়াল করেছেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, গত এক মাসে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ধর্ষণ-সহ একাধিক গুরুতর অপরাধের ঘটনা ঘটেছে। কিন্তু সেইসব ঘটনার অনেকগুলিই প্রয়োজনীয় গুরুত্ব পায়নি। তাঁর মতে, ক্ষমতায় থাকা সরকারের প্রথম দায়িত্ব হওয়া উচিত সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।
অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা সংস্থাগুলির প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর পরিবর্তে সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করার দিকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।’ তাঁর বক্তব্য, ‘পশ্চিমবঙ্গের মানুষ নিরাপত্তা, স্বচ্ছতা এবং প্রকৃত তথ্য জানার অধিকার রাখেন।’





