“আবার আমাকে মারার প্ল্যান করছে নাকি?” পুরুলিয়ার মানবাজারের সভামঞ্চ থেকে তাঁকে খুন করার আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।শনিবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)বাংলায় এসে তৃণমূল নেত্রীর আঘাত ও ‘ব্যান্ডেজ’ বিষয়ে কটাক্ষ করেছিলেন। সেই বিষয় নিয়েই এদিন তীব্র ক্ষোভপ্রকাশ করেন তিনি।পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে শাহর পেশ করা চার্জশিটের পাল্টা দিয়ে তিনি গর্জে ওঠেন,”চার্জশিট তো আপনার বিরুদ্ধে পেশ হওয়া উচিত। আমেরিকা থেকে গুজরাতিদের কোমরে দড়ি পরিয়ে যখন আনা হয়েছিল, তখন কোথায় ছিলেন?”
কলকাতায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর উদ্দেশে বিস্ফোরক মন্তব্য করে বলেন, “ভোট এলেই উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) ভিকটিম কার্ড খেলেন। কখনও পা ভাঙা, কখনও মাথায় ব্যান্ডেজ বাঁধা, কখনও অসুস্থতার ভান করেন। মানুষ এসব ভিকটিম কার্ডের খেলা বুঝে গিয়েছেন।” তাঁর সেই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকেও এই নিয়ে প্রবল ক্ষোভপ্রকাশ করা হয়েছে।
রবিবার মানবাজারের জনসভা থেকে এই নিয়ে অমিত শাহর বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, ‘‘আমি নাকি ব্যান্ডেজ পরে ঘুরে বেড়াই! ডাক্তারের রিপোর্ট দেখে এসো গিয়ে। আগের বার ভোটের সময় তোমরাই ইচ্ছা করে আমার পায়ে চোট দিয়েছিলে। আবার কি মারার প্ল্যান করছো নাকি? কারও চরিত্রহনন করার আগে তো পরিকল্পনা করা হয়। তেমন কিছু হয়েছে নাকি?’’
উল্লেখ্য শনিবার কলকাতায় এসে অমিত শাহ তৃণমূলের বিরুদ্ধে বিজেপির ‘চার্জশিট’ প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে তাঁকে কটাক্ষ করে মমতা বলেন, ‘‘কাল বিজেপির এক বড় নেতা তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছেন। চার্জশিট তো আপনার বিরুদ্ধে পেশ হওয়া উচিত। আমেরিকা থেকে গুজরাতিদের কোমরে দড়ি পরিয়ে যখন আনা হয়েছিল, তখন কোথায় ছিলেন? নেই কাজ তো খই ভাজ!’’এমনকি শাহকে ‘স্বৈরাচারী’, ‘গণতন্ত্র হত্যাকারী’ বলে আক্রমণ করেছেন তিনি। তাঁর কথায়, ‘‘তোমরা মানুষের অধিকার কেড়েছো। কেউ এ বার তোমাদের ভোট দেবে না।’’
পাশাপাশি এদিনের সভা থেকে ফের মা বোনেদের বুথ পাহারা দেওয়ার ডাক দেন তৃণমূল সুপ্রিমো। তিনি হুঙ্কার দিয়ে বলেন, ‘‘মা বোনেদের দায়িত্ব নিতে হবে। বুথ পাহারা দিতে হবে। আমাদের জায়গাগুলিতে পুনর্নির্বাচন করার পরিকল্পনা করেছে। সব চক্রান্ত ব্যাহত করে দেব। আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। আমি মানুষের ক্ষমতা পাব। ভোটবাক্সে বদলা হবে।’’





