Header AD
Trending

উধমপুরের জঙ্গলে সেনা–জঙ্গি সংঘর্ষ, এলাকা ঘিরে রাতভর তল্লাশি অভিযান

জম্মু–কাশ্মীরে ফের উত্তেজনা। উধমপুর জেলার মাজালতা এলাকার একটি জঙ্গলে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে যৌথ অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী ও পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ওই এলাকায় দুই থেকে তিন জন সন্দেহভাজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে জানা যায়। সেনা সূত্রের খবর, সোমবার ভোরে উধমপুরের পার্বত্য অঞ্চল রামনগরের জাফর জঙ্গলে তল্লাশি অভিযান শুরু হয়। মঙ্গলবারও জঙ্গিদের খোঁজে অভিযান চালানো হয়। সেই সময় জঙ্গলের ভিতর থেকে বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনা ও নিরাপত্তাবাহিনী। বুধবার পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, ওই জঙ্গিরা জইশ-ই-মহম্মদের সদস্য। জঙ্গিরা যাতে ঘন জঙ্গল ও অন্ধকারের সুযোগ নিয়ে পালাতে না পারে, সে জন্য পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং রাতভর অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৮ জানুয়ারি কিশ্তওয়ার জেলাতেও সেনা ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় জঙ্গিদের গোপন ডেরার কাছে পৌঁছতেই নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, যার পাল্টা জবাব দেয় সেনা।