মেসি ইভেন্ট সংক্রান্ত তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশের পরেও পুলিশের ডাকে সাড়া দিলেন না রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বিধাননগর দক্ষিণ থানার পাঠানো তৃতীয় নোটিসে তাঁকে ৪৮ ঘণ্টার মধ্যে হাজির হতে বলা হয়েছিল। নির্ধারিত সময়সীমা সোমবার দুপুর ১২টায় শেষ হলেও সন্ধ্যা পর্যন্ত তিনি থানায় উপস্থিত হননি।এর আগে একই মামলায় দু’বার পুলিশের তলব এড়িয়েছিলেন অরূপ বিশ্বাস। এবার তৃতীয়বারও হাজিরা না দেওয়ায় তদন্ত প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সূত্রের খবর, বর্তমানে তিনি কোথায় রয়েছেন, সে বিষয়েও স্পষ্ট কোনও তথ্য পাওয়া যাচ্ছে না।মেসি-সংক্রান্ত বিতর্কে সম্প্রতি হাই কোর্ট থেকে শর্তসাপেক্ষে আইনি সুরক্ষা পেয়েছেন অরূপ বিশ্বাস। তবে আদালত স্পষ্ট জানিয়েছিল, তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে তাঁকে। পাশাপাশি গোটা ঘটনার প্রেক্ষিতে আদালতের তরফে তাঁর ভূমিকা নিয়েও কড়া মন্তব্য করা হয়েছিল।
এদিকে, ‘গোট’ ইভেন্টের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্ত অভিযোগ করে বলেন, আদালতের নির্দেশ সত্ত্বেও অরূপ বিশ্বাস তদন্তে সহযোগিতা করছেন না। তাঁর কথায়, ‘‘কেন তিনি বারবার হাজিরা এড়িয়ে যাচ্ছেন, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। আমরা তাঁর রক্ষাকবচের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছি।
পাশাপাশি জুঁই বিশ্বাসকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনার জন্য আইনি পদক্ষেপ করা হচ্ছে।’’ঘটনা নিয়ে রাজ্যের বর্তমান ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁও কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁর দাবি, মেসি ইভেন্টে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল এবং সেই ঘটনার জন্য প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। ইন্দ্রনীল বলেন, ‘‘সেদিনের ঘটনা বাংলার ফুটবলপ্রেমীদের কাছে অত্যন্ত হতাশাজনক ও লজ্জার ছিল।’’মেসি ইভেন্ট ঘিরে তদন্ত যত এগোচ্ছে, ততই রাজনৈতিক ও আইনি চাপ বাড়ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।





