বুধবার সকালে হঠাৎ করেই রাজ্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে (Srijato Bandopadhyay) ঘিরে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে শোনা যায়। এমনও দাবি করা হয়, নির্বাচনকে (Election in Bengal) শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। বিশেষ করে সংস্কৃতি জগতের একাংশ এবং সচেতন নাগরিকরা এই ঘটনাকে নজিরবিহীন বলে সমালোচনা করেন। তবে অল্প সময়ের মধ্যেই নির্বাচন কমিশন (ECI) জানিয়ে দেয়, এই খবর সম্পূর্ণ ভুয়ো এবং বিভ্রান্তিকর।
এদিন সকালে সংবাদমাধ্যমেই বিষয়টি জানতে পারেন শ্রীজাত। পরে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি দার্শনিক প্লেটো-র মতাদর্শ উল্লেখ করে বলেন, “আদর্শ রাষ্ট্রে কবির কোনও স্থান নেই। সমাজে খোলামেলা মত প্রকাশকে অনেক সময় অন্যায় হিসেবে দেখা হয়। গলা তুলে, মাথা উঁচু করে কথা বলাটা অন্যায়। তারই হয়তো মাশুল দিতে হচ্ছে আমাকে। তবে পুরো বিষয়টি না জেনে এখনই বিস্তারিত কিছু বলতে চাই না।”
উল্লেখ্য, অতীতে তাঁর লেখা ‘অভিশাপ’ কবিতা ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই ঘটনাকে ঘিরেই সাম্প্রতিক এই খবর ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। নির্বাচনের প্রাক্কালে এ ধরনের ভুয়ো খবর ছড়ানোকে কড়া ভাষায় নিন্দা করেছে নির্বাচন কমিশন। তাদের বক্তব্য, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে ক্ষতিকর।




