Header AD

মন্ত্রী শশী পাঁজার ওপর হামলা! বিজেপির ‘গুণ্ডাগিরির’ তীব্র নিন্দা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)–র ‘হাইভোল্টেজ’ সভা চলার মধ্যেই কলকাতায় রাজনৈতিক উত্তেজনা চরমে উঠল। গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)–র বাড়ি ও অফিসে হামলার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। অভিযোগ, বিজেপি কর্মী-সমর্থকেরা মন্ত্রীর বাড়ির সামনে ভাঙচুর চালায় এবং ইট ছোড়ে। ঘটনায় আহত হন খোদ মন্ত্রী শশী পাঁজা এবং তৃণমূলের নেতাকর্মী সহ কয়েকজন পুলিশকর্মীও।

শনিবার সন্ধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “এটা শুধু একজন মহিলার উপর আক্রমণ নয়, এটা বাংলার প্রতিটি মহিলার উপর আক্রমণ।”

পাশাপাশি বিজেপির বিরুদ্ধে ‘গেরুয়া গুণ্ডাগিরি’র অভিযোগ তুলে তিনি বলেন, বাংলার মানুষ এই ধরনের রাজনীতি কখনও মেনে নেবে না।

এক্স (সাবেক টুইটার) মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘটনাটিকে ‘জঘন্য’ ও ‘কাপুরুষোচিত’ বলে আখ্যা দেন। তাঁর দাবি, দিনের আলোয় রাজ্যের এক মন্ত্রীর বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং ব্যাপক ভাঙচুর করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে এবং ইটের আঘাতে শশী পাঁজাও আহত হয়েছেন।

এই ঘটনার প্রসঙ্গ টেনে তিনি ২০১৯ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (Ishwar Chandra Vidyasagar)–এর মূর্তি ভাঙচুরের ঘটনাও স্মরণ করিয়ে দেন। অভিষেকের কথায়, “এটাই বিজেপির সংস্কৃতি। বহিরাগতদের দিয়ে বাংলায় অশান্তি তৈরি করতে চাইছে তারা। ভয় দেখিয়ে রাজনীতি করার চেষ্টা চলছে। কিন্তু এই ঘটনা আমরা ভুলব না, আর এই গুণ্ডাগিরিও সহ্য করা হবে না।”

প্রসঙ্গত, শনিবার দুপুরে ব্রিগেডে মোদির সভায় যোগ দিতে বিভিন্ন জেলা থেকে বাসে করে বিজেপি কর্মীরা কলকাতায় আসেন। অভিযোগ, সেই সময় গিরিশ পার্কে শশী পাঁজার বাড়ির সামনে থাকা ‘বয়কট বিজেপি’ লেখা ব্যানার ছিঁড়ে ফেলে কিছু বিজেপি কর্মী। সেই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায়।

শশী পাঁজার দাবি, “ব্রিগেডে সভার জন্য বহিরাগতদের নিয়ে এসেছে বিজেপি। তারাই বাস থেকে নেমে আমার বাড়ির সামনে থাকা প্ল্যাকার্ড ছিঁড়ে পালিয়ে যায়। সাহস থাকলে সামনে দাঁড়িয়ে কথা বলুক। আমার বাড়ির ঢোকার মুখে ভাঙচুর করা হয়েছে, ইট ছোড়া হয়েছে, জানলার কাচ ভেঙে দেওয়া হয়েছে।” এই হামলায় তাঁর পিঠ ও কোমরে ইটের আঘাত লাগে বলেও জানান তিনি।