Header AD
Trending

সোনালি বিবিকে ভারতে ফেরানোর নির্দেশ বাংলাদেশ হাইকোর্টের, কেন্দ্রকে তোপ TMC সাংসদের

কলকাতা হাই কোর্ট বাংলাদেশে বন্দি  সোনালি বিবি-সহ ৬ জনকে দেশে ফেরানোর নির্দেশ দিয়েছিল আগেই । এবার সোনালি বিবিদের ভারতে ফিরিয়ে নিতে ভারতীয় হাই কমিশনকে নোটিস দিল বাংলাদেশ হাই কোর্ট। সেই নথি তুলে ধরে এক্স হ্যান্ডেলে বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম(Samirul Islam)। তিনি  লিখেছেন, “আমাদের দেশ যাদের বাংলাদেশি বলে প্রমাণ করার চেষ্টা করেছিল তাঁরা যে এদেশেরই নাগরিক তা প্রমাণিত। ওদের শীঘ্রই ভারতে ফিরিয়ে নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ হাই কোর্ট। বিজেপি (BJP)যে বাংলা বিরোধী, ওরা যে দরিদ্রদের ভালোবাসে না, তাঁদের পাশে দাঁড়ায় না – আবার তা প্রমাণিত হল।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যেভাবে ওই অত্যাচারিতদের পাশে দাঁড়িয়েছেন তা মনে করিয়ে সামিরুল লিখলেন, “এই আচরণ সহ্য করব না।”

প্রসঙ্গত, কয়েকমাস আগে বাংলার পরিযায়ী শ্রমিক দানিশ শেখ, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী সোনালি বিবি ও তাঁদের পাঁচ বছরের শিশুপুত্র-সহ ৬ জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বীরভূমের মুরারইয়ের পাইকর গ্রামের বাসিন্দা ওই পরিবারকে ১৮ জুন দিল্লির রোহিনী জেলা পুলিশের কেএন কাটজু থানা থেকে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছিল। পরিবারের সদস্যরা জানান, সেদিনই ধৃতরা ফোন করে খবর দেন যে পুলিশ তাঁদের বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করেছে। সঙ্গে সঙ্গেই পরিবারের লোকজন দিল্লি রওনা হন। কিন্তু থানায় পৌঁছেও তাঁদের সমস্যার কোনও সুরাহা হয়নি। পুলিশ জানায়, ধৃতদের বিএসএফের হাতে তুলে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়েছে। কোন এলাকা দিয়ে তাঁদের সীমান্তে নিয়ে যাওয়া হয়, তা জানানো হয়নি। সেই ঘটনার জল গড়ায় আদালতে। পরবর্তীতে কলকাতা হাই কোর্ট সাফ জানায়,  কেন্দ্রকে অবিলম্বে সোনালি বিবিদের দেশে ফিরিয়ে আনতে হবে। সময় বেঁধে দেওয়া হয় চার সপ্তাহ।