Header AD

ভোটের আগে ট্রাইব্যুনালে ছাড়পত্র পেলে ভোটাধিকার, সুপ্রিম নির্দেশে স্বস্তি বাংলার ভোটারদের! উচ্ছ্বসিত মমতা

Supreme Court Tribunal

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (Bengal Election 2026) প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ভারতের সর্বোচ্চ আদালত। বিশেষ নিবিড় সংশোধন (SIRinBengal) প্রক্রিয়া নিয়ে বিতর্কের মাঝে সুপ্রিম কোর্ট (Supreme Court of India) জানিয়ে দিয়েছে, ভোটের মাত্র দু’দিন আগেও যদি কোনও ভোটারের নাম ট্রাইব্যুনালে নিষ্পত্তি হয় এবং ছাড়পত্র মেলে, তাহলে তিনি ভোট দিতে পারবেন। এই রায়ের পর প্রতিক্রিয়া দিতে গিয়ে উচ্ছ্বসিত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, বিচারব্যবস্থার ওপর তাঁর আস্থা আরও বেড়েছে এবং এই সিদ্ধান্তে তিনি অত্যন্ত খুশি। তাঁর কথায়, ‘বারবার বলছিলাম সকলকে ধৈর্য রাখতে, ট্রাইব্যুনালে আবেদন করতে। আজ সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। আমার মামালার পরিপ্রেক্ষিতে। আমি খুব খুশি, বিচারব্যবস্থার উপর গর্বিত। মা-মাটি মানুষ জিন্দাবাদ।‘

রাজ্যে প্রথম দফার ভোট ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। নির্বাচন কমিশনের (ECI) নিয়ম অনুযায়ী, ভোটের আগে ভোটার তালিকা ‘ফ্রিজ’ করা হয়ে গিয়েছে। ফলে যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়েছিল এবং ট্রাইব্যুনালে মামলা করেছিলেন, তাঁদের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়—২১ এপ্রিল পর্যন্ত যে সব মামলা নিষ্পত্তি হবে, সেগুলি প্রথম দফার আগে তালিকায় যুক্ত করতে হবে। একইভাবে, ২৭ এপ্রিল পর্যন্ত নিষ্পত্তি হওয়া মামলাগুলি দ্বিতীয় দফার আগে যুক্ত করতে হবে। এ জন্য নির্বাচন কমিশনকে অতিরিক্ত তালিকা প্রকাশ করারও নির্দেশ দেওয়া হয়েছে। যে সকল ভোটার ‘যোগ্য’ বলে বিবেচিত হবেন, তাঁরা ভোট  দিতে পারবেন। 

আদালত স্পষ্ট করেছে, শুধু আবেদন করলেই ভোটাধিকার মিলবে না—ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া জরুরি। এই নির্দেশে স্বস্তি পেয়েছেন বহু ভোটার, যাঁদের নাম আগে বাদ পড়েছিল।

এই মামলায় রাজ্যের হয়ে সওয়াল করেছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তিনি জানান, তাঁদের দাবি অনুযায়ীই আদালত রায় দিয়েছে এবং এই সিদ্ধান্ত SIR প্রক্রিয়ায় এক নজিরবিহীন পদক্ষেপ। এই নির্দেশের ফলে নির্বাচনের আগে বহু বিতর্কিত ভোটারের অংশগ্রহণের পথ খুলে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল।