Header AD

ঝাড়গ্রামে তৃণমূলের বড় চমক, প্রার্থী ঘোষণার আগেই দলে যোগ দিলেন বিশিষ্ট আইনজীবী মঙ্গল সরেন

বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা হওয়ার আগেই ঝাড়গ্রাম জেলায় বড় চমক দিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দলের জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বিশিষ্ট আইনজীবী মঙ্গল সরেনকে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করানো হয়।
এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি দুলাল মুর্মু সহ একাধিক জেলা নেতৃত্ব। জেলা সভাপতি জানান, মঙ্গল সরেন একজন প্রতিষ্ঠিত আইনজীবী, যিনি জঙ্গলমহলের আদিবাসী সমাজের উন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর সামাজিক কাজ ও জনসংযোগ এই অঞ্চলে বিশেষ প্রভাব ফেলেছে।
উল্লেখযোগ্যভাবে, মঙ্গল সরেন ২০২৩ সাল থেকে ঝাড়গ্রামের সাধু রামচাঁদ বিশ্ববিদ্যালয়ে সিনিয়র ল’ অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি ওয়েস্ট বেঙ্গল লিগ্যাল সার্ভিস ক্যাডারের সদস্যও। সবকিছু ছেড়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আস্থা রেখে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে সাধারণ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার করেছেন।
রাজনৈতিক মহলের মতে, ২০০৪ সালের লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম কেন্দ্র ঝাড়খন্ড মুক্তি মোর্চা পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আদিবাসী সমাজের ভালো সমর্থন তিনি অর্জন করেছিলেন, তা এখনও তাঁর জনপ্রিয়তার প্রমাণ বহন করে। বিশেষ করে সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা তৃণমূলের জন্য আসন্ন নির্বাচনে বাড়তি সুবিধা এনে দিতে পারে।
মঙ্গল সরেনের এই যোগদানকে ঘিরে জঙ্গলমহলের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।