বঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই ১৪৪টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি (BJP)। তালিকায় বহু পরিচিত মুখকে আবারও টিকিট দেওয়া হয়েছে। দলের লক্ষ্য ২০২৬ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গে সরকার গঠন। সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari) জোড়া আসনে প্রতিদ্বন্দ্বিতা। তিনি তাঁর পুরনো কেন্দ্র নন্দীগ্রামের (Nandigram) পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কেন্দ্র ভবানীপুর (Bhowanipur) থেকেও প্রার্থী হচ্ছেন। ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জয়ী হয়ে তিনি রাজ্যের বিরোধী দলনেতা হয়েছিলেন।
এ ছাড়া দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) আবারও খড়গপুর সদর (Kharagpur Sadar) কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। বিজেপির প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta) লড়বেন রাসবিহারী (Rashbehari) কেন্দ্র থেকে।
হাওড়ার শিবপুর (Shibpur) আসনে অভিনেতা রুদ্রনীল ঘোষকে (Rudranil Ghosh) প্রার্থী করা হয়েছে। বরানগর (Baranagar) কেন্দ্র থেকে লড়বেন সজল ঘোষ (Sajal Ghosh)। দলের বেশ কয়েকজন বর্তমান বিধায়ককে আবার টিকিট দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন আসানসোল দক্ষিণ থেকে অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) সালতোড়া থেকে চন্দনা বাড়ুই, ডাবগ্রাম ফুল্বাড়ি থেকে শিখা চট্টোপাধ্যায়, তুফানগঞ্জ থেকে মালতী রাভা রায় এবং শিলিগুড়ি থেকে শঙ্কর ঘোষ (Shankar Ghosh)।
প্রথম তালিকায় জায়গা হয়নি দুই পরিচিত মুখ অর্জুন সিং( Arjun Singh) ও হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee)। ভাটপাড়া কেন্দ্রে প্রার্থী হয়েছেন অর্জুনের পুত্র পবন সিং (Pawan Singh)। সব ক্ষেত্রে পুরনো মুখও রাখা হয়নি। বালুরঘাট (Balurghat) কেন্দ্রের বর্তমান বিধায়ক অশোক লাহিড়ী (Ashok Lahiri) বাদ দিয়ে সেখানে প্রার্থী করা হয়েছে বিদ্যুৎ রায়কে। আবার কালীগঞ্জে (Kaliaganj) বর্তমান বিধায়ক সৌমেন রায়ের পরিবর্তে টিকিট পেয়েছেন উৎপল মহারাজ ( Utpal Maharaj)। মুর্শিদাবাদ জেলার বহরমপুর (Berhampore) ও মুর্শিদাবাদ (Murshidabad) আসনে ২০২১-এর বিজয়ী প্রার্থী সুব্রত মৈত্র ও গৌরীশঙ্কর ঘোষকেই আবার টিকিট দেওয়া হয়েছে। পাশাপাশি বেলডাঙায় (Beldanga) প্রার্থী হয়েছেন প্রাক্তন পুরপ্রধান ভরত ঝাওয়ার (Bharat Jhawar)।
এদিকে নরেন্দ্র মোদি (Narendra Modi) সম্প্রতি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের (Brigade Parade Ground) জনসভা থেকে দাবি করেছেন, বাংলায় পরিবর্তনের সূচনা হয়ে গিয়েছে এবং এবার রাজ্যে বিজেপি সরকার গঠনের লক্ষ্যেই প্রার্থী নির্বাচন করা হয়েছে। ফলে পরবর্তী তালিকা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছে।





