দুর্গাপুরে নববর্ষের সকালেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। অভিযোগ, ভোটের আগে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের জন্য ভাতার ফর্ম বিলি ও পূরণ করছে BJPর মহিলা মোর্চা। ফর্মে নাম, ঠিকানা ও ফোন নম্বর নেওয়ার পাশাপাশি উল্লেখ রয়েছে মাসে ৩ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি, যার উপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ছবি ছাপা রয়েছে।
স্থানীয় সূত্রে খবর, সকালে পুজো দিয়ে শঙ্খ-উলুধ্বনি সহকারে বিজেপির মহিলা কর্মীরা এলাকায় প্রচারে নামেন এবং বাড়ি বাড়ি গিয়ে নিজেরাই ফর্ম পূরণে সাহায্য করেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। শাসক দল TMC-র অভিযোগ, আদর্শ আচরণবিধি চালু থাকা অবস্থায় ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে এই ধরনের কার্যকলাপ করা হচ্ছে, যা নির্বাচনী নিয়ম ভঙ্গের সামিল। দুর্গাপুর পূর্বের (Durgapur East) তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক প্রদীপ মজুমদার জানিয়েছেন, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে।
অন্যদিকে, বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি, তারা কোনও নিয়ম ভাঙেনি। বিরোধীরা রাজনৈতিকভাবে হতাশ হয়ে এ ধরনের অভিযোগ করছে।
উল্লেখ্য, আসন্ন নির্বাচনে মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ নামে একটি প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি, যেখানে মাসিক ৩০০০ টাকা দেওয়ার কথা বলা হয়েছে। যদিও তৃণমূলের অভিযোগ, এই প্রতিশ্রুতি তাদের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের আদলে তৈরি করে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা। এখন দেখার, এই বিতর্ক কতদূর গড়ায় এবং নির্বাচন কমিশন এ বিষয়ে কী পদক্ষেপ নেয়।





