Header AD

দলীয় কর্মীর মেয়েকে ধর্ষণ! পাঁচ বছর পর কাঁকসয় গ্রেপ্তার বিজেপি বিধায়কের ফেরার ভাইপো

এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুইয়ের ভাইপো সহদেব ঘড়ুই।  বিগত পাঁচ বছর ধরে গা ঢাকা দিয়েছিল ধৃত এই যুবক। মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণ করতে বেরলে কাঁকসা থানার পুলিশ সহদেবকে গ্রেপ্তার করে। যদিও নিজেকে নির্দোষ বলেই দাবি সহদেবের। এছাড়াও, তিনি দাবি করেন তাঁকে ফাঁসানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।

কাঁকসার আমলাজোড়া এলাকার বামনাবেড়ার বাসিন্দা সহদেব ঘড়ুই। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের ভাইপো তিনি। সহদেবের বিরুদ্ধে ২০২০ সালে ৫ মে এক বিজেপি কর্মীর নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে। কার্যত রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে ওঠে সেই সময়। কাঁকসা থানায় লিখিত অভিযোগ জানায় নাবালিকার পরিবার। তবে পুলিশে অভিযোগ হওয়া মাত্রই সরে পড়ে সহদেব। কাঁকসা থানার পুলিশ বিভিন্ন জায়গায় তাঁর খোঁজে তল্লাশি চালায়। তবে তদন্তকারীরা কিছুতেই সহদেবের নাগাল পাচ্ছিলেন না।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পর অভিযুক্ত সহদেব ঘড়ুই কাঁকসার রাজবাঁধে একজনের বাড়িতে আসেন। সকালে প্রাতঃভ্রমন করতে বেরলে স্থানীয় কিছু মানুষ সহদেবকে চিনতে পারেন। দ্রুত খবর যায় কাঁকসা থানায়। খবর পেয়েই ছুটে যান পুলিশ আধিকারিকরা। সেখান থেকেই সহদেবকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে তাঁকে পেশ করা হবে।