ভোটের মুখে বাংলার রাজনৈতিক পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। SIR প্রক্রিয়াকে (SIRin Bengal) ঘিরে নির্বাচন কমিশনের (ECI) বিরুদ্ধে অভিযোগের ঝড় উঠেছে বিভিন্ন মহলে। শাসক দল TMCর দাবি, এই প্রক্রিয়ায় নিরপেক্ষতার অভাব স্পষ্ট এবং BJPর অঙ্গুলিহেলনেই কাজ করছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X হ্যান্ডেলে এই ইস্যুতে সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি সরাসরি অভিযোগ করে বলেন, বাংলার নির্বাচনী লড়াইয়ে বিজেপির সবচেয়ে বড় ভরসা বা ‘ট্রাম্প কার্ড’ হয়ে উঠেছে নির্বাচন কমিশন। তাঁর বক্তব্য, গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করতেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ দিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভোট প্রচারের ভিডিও ক্লিপিংস পোস্ট করেছেন অভিষেক। একই সঙ্গে একযোগে বিজেপি আর নির্বাচন কমিশনকে তোপ দেগে তিনি লেখেন, “ যদি ভাবেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, যোগী আদিত্যনাথ বিজেপির ট্রাম্প কার্ড, তাহলে ভুল করছেন। বিজেপির আসল ট্রাম্প কার্ড হল নির্বাচন কমিশন। যারা মেঘের আড়াল থেকে বিজেপির হয়ে লড়ে যাচ্ছে। বিজেপি যেভাবে বলছে, অনুগতর মতো ঠিক সেভাবে নির্দেশ মেনে চলছে।” ভোটের মুখে বাংলায় ২ হাজার ৫৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। এই নিয়ে জোর চর্চা চলছে দেশ জুড়ে। অভিষেক কটাক্ষ করে বলেন, ‘যাদের পহেলগাওঁ, দিল্লি, মণিপুর বা নয়ডায় অনেক বেশি প্রয়োজন, তাদের বাংলায় মোতায়েন করা হয়েছে।‘ তৃণমূলের কর্মী এবং দলের ঘনিষ্ঠদেরও নিশানা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। তাঁর কথায়, ‘তৃণমূলের ঘনিষ্ঠদের টার্গেট করা হচ্ছে। এমনকি আমার পরিবারকেও ছাড়ছে না।’
এর পরেই কমিশন ও বিজেপিকে একযোগে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অভিষেক লিখেছেন, ‘আপনারা যা খুশি করুন। যাকে খুশি টার্গেট করুন। কিন্তু মনে রাখবেন, বাংলায় আপনাদের মেয়াদ আর ১৯ দিন।’ তাঁর কথায়, ‘আজ যারা আমাদের কর্মীদের ঘরে ঢুকতে বাধা দিচ্ছে বা হুমকি দিচ্ছে, ফলপ্রকাশের পরে সেই গুজরাটি বাবুদের আর বাংলায় খুঁজে পাওয়া যাবে না। এটা হুমকি নয়, চ্যালেঞ্জ।’





