Header AD

‘বাংলায় এবার বিজেপির ডানা ছাঁটা হবে!’ দিনহাটায় হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

cm dinhata

গোটা বাংলায় এবার বিজেপির (BJP) ডানা ছাঁটার নিদান দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার কোচবিহারের দিনহাটার নির্বাচনী (West Bengal Assembly Election) সভা থেকে তাঁর হুঙ্কার ,”দিনহাটায় কি বিজেপির ডানা ছাঁটা হবে? ১৮ হাজার কেটেছে দিনহাটায়। বাকি যাঁদের নাম ওঠেনি, তাঁদের নাম তুলে ছাড়ব। অমিত শাহ (Amit Shah) কাল বলেছেন, যাঁর নাম থাকবে না, তাঁকে তাড়িয়ে দেব। বর্ডারগুলি লক্ষ রাখবেন। বাইরে থেকে লোক ঢুকবে ভোট দিতে। অসম থেকে লোক আসবে। বাংলায় তো ডানা ওদের ছাঁটবই।” এর সঙ্গে তাঁর সংযোজন, “দিনহাটায় আমি জানি ৩০-৩২ হাজার নাম কেটেছে। ভীরু-কাপুরুষের দল। মেঘের আড়াল থেকে লড়াই করে। সামনাসামনি লড়াইতে পারে না এরা। আমার মুখোমুখি দাঁড়াবার ক্ষমতা নেই। বসুন সাহস থাকলে, তার পর বাংলা দিকে তাকাবেন।”

দিনহাটার জনসভা থেকে কেন্দ্রের দিকে প্রশ্ন ছুঁড়ে তিনি বলেন, “এই কোচবিহার জেলার জন্য তোমরা কী করেছ? আমরা করেছি। একটি পরিবার আমাদের সরকারের ৪-৫টি প্রকল্পের সুবিধা পায়। আমাদের সম্প্রীতি আমাদের ঐক্যবদ্ধ করেছে।” এরপরই ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “বলছে ডিলিমিটেশন করব। বাংলাকে চার ভাগে ভাগ করবে। আমরা থাকতে এগুলি অ্যালাও করব না। মনে নেই শীতলকুচিতে গুলি চালিয়েছিলে? বিএসএফের গুলিতে কত লোককে বর্ডারে প্রাণ দিতে হয়েছে। কেউ ভোলেনি, কোনও দিনও ভুলবে না।”

সভা থেকে এসআইআর-এ নাম বাদ যাওয়া ভোটারদের আশ্বাস্ত করে তিনি বলেন, “যাঁদের ভোট আছে তাঁরা ভোট দিতে যাবেন। আর যাঁদের নাম ওঠেনি, তাঁরা নৈতিক সমর্থন দেবেন। আমরা চেষ্টা করেছিলাম নাম তোলার। আগামী দিনেও চেষ্টা করে যাব। আমাদের সরকার থাকতে কোনও এনআরসি, ডিটেনশন ক্যাম্প করতে দেব না। বিজেপিকে এনআরসি করে পাঠিয়ে দেব।” সভা থেকে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল নেত্রী বলেন, “তৃণমূল এ বার আগের থেকে বেশি ভোটে জিতে আসবে।”