নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত সিদ্ধান্তের জেরে মাত্রাতিরিক্ত কাজের চাপে জেরবার বিএলওরা (BLO)। এর প্রতিবাদে সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বিক্ষোভ দেখান বুথ লেভেল অভিসাররা। ২৪ ঘণ্টা কেটে গেলেও এখনও সিইও (CEO) দফতরে বিএলওদের একাংশের ধর্না অব্যাহত। তাঁরা রাজ্যের সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। যদিও অ্যাপয়েন্টমেন্ট না থাকার কারণে অতিরিক্ত সিইও বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তাতেও সমস্যা মেটেনি। পুলিশ তাঁদের উঠে যেতে অনুরোধ করলেও রাত পেরিয়ে সকাল পর্যন্ত একইভাবে অবস্থান বিক্ষোভে অনড় বিএলও অধিকার রক্ষা কমিটি’-র ১৩ জন। মঙ্গলবার দুপুরেও ছবিটা বদলায়নি। সূত্রের খবর যতক্ষণ না CEO দেখা করছেন ততক্ষণ এই বিক্ষোভ আন্দোলন চলবে বলে জানিয়েছেন বুথ লেভেল অফিসারদের একাংশ। এদিকে এ বার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি দিল নির্বাচন কমিশন। বাংলার মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে। তারা জানিয়েছে, কমিশনের সঙ্গে দেখা করতে চেয়ে সময় চেয়েছিল তৃণমূল। তাই কবে তাদের সঙ্গে দেখা করবে, তা জানিয়েই তৃণমূলনেত্রীকে চিঠি দিল কমিশন।
উল্লেখ্য, দিন কয়েকের মধ্যে পর পর দু’বার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লেখেন বাংলার মুখ্যমন্ত্রী। তার উত্তরে এবার চিঠি দিয়ে তৃণমূলের প্রতিনিধিদলের সঙ্গে দেখা করার কথা জানাল কমিশন। বলা হয়েছে, রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন দেখা করতে চেয়ে কমিশনকে চিঠি দিয়েছিলেন। সেই অনুরোধের ভিত্তিতেই কমিশনের এই চিঠি।
চিঠিতে জানানো হয়েছে, কমিশন সব সময় সব রাজনৈতিক দলের সঙ্গে গঠনমূলক আলোচনা করতে প্রস্তুত। সেই কারণে তৃণমূলের অনুরোধের ভিত্তিতে তাদের প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবে কমিশন। পাঁচ সদস্যের প্রতিনিধিদল দিল্লিতে কমিশনের সদর দফতরে গিয়ে দেখা করতে পারে। আগামী শুক্রবার, অর্থাৎ ২৮ নভেম্বর ১১টার সময় তৃণমূলের সঙ্গে বৈঠক করতে রাজি কমিশন। শুধু তা-ই নয়, প্রতিনিধিদলে কে কে থাকবেন, তাঁদের নাম জানাতেও বলা হয়েছে তৃণমূলকে। চিঠি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির ঠিকানায়।
প্রসঙ্গত, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন শুরু হওয়ার পর বাংলার শাসকদল তৃণমূল বার বার এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের দাবি, একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতেই কমিশন এসআইআর নিয়ে তাড়াহুড়ো করছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার দলীয় নেতাদের নিয়ে বৈঠকে কমিশনের সঙ্গে দেখা করার কথা উল্লেখ করেছিলেন। তিনি ১০ জন সাংসদের নামোল্লেখ করে তাঁদের কমিশনের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিতে বলেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে গত ২০ দিনে যে যে অভিযোগ তৃণমূল জানিয়েছে, তা নিয়ে কমিশন পদক্ষেপ করেনি কেন, তার জবাব চাওয়ার নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।





