সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় ঘোষণা করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। সোমবার রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, আগামী দিনে সরকারি দপ্তর গুলিতে এক লক্ষ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। নতুন নিয়োগের ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। পাশাপাশি, যেখানে প্রযোজ্য সেখানে ১০ শতাংশ পদ অগ্নিবীরদের জন্য সংরক্ষণের ব্যবস্থাও রাখা হবে।
অর্থমন্ত্রী জানান, ‘মোট নিয়োগের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে শিক্ষাক্ষেত্রকে। প্রায় ৫০ হাজার শিক্ষক, শিক্ষাকর্মী ও অধ্যাপক নিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের। এছাড়া পুলিশ বিভাগে ২০ হাজার কর্মী নিয়োগ করা হবে।’ ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস (ইএফআর)-এ এক হাজার পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। বাকি শূন্যপদগুলি বিভিন্ন সরকারি দফতরে পূরণ করা হবে।নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জনগণের আস্থা ফিরিয়ে আনতেও বিশেষ উদ্যোগের কথা জানিয়েছে সরকার। বাজেটে ঘোষণা করা হয়েছে, রাজ্যের নিয়োগকারী সংস্থাগুলিকে কেন্দ্রীয় ইউপিএসসি-র আদলে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনা হবে।
সরকারের দাবি, এর ফলে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে এবং চাকরিপ্রার্থীদের আস্থা বাড়বে।চাকরির বয়সসীমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও বাজেটে জানানো হয়েছে। সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় যে পাঁচ বছরের ছাড় দেওয়া হয়েছিল, তা আগামী আরও দু’বছর বহাল থাকবে। নির্বাচনী প্রচারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতায় এসে এই সুবিধা চালু করেছিল বিজেপি সরকার। সেই মতো বিজ্ঞপ্তিও জারি করে নবান্ন।
বর্তমানে গ্রুপ ‘এ’ পদে আবেদনের ঊর্ধ্বসীমা ৪১ বছর, গ্রুপ ‘বি’ পদে ৪৪ বছর এবং গ্রুপ ‘সি’ ও ‘ডি’ পদে ৪৫ বছর করা হয়েছে। এই নিয়ম ১১ মে থেকে কার্যকর হয়েছে এবং আগামী দু’বছর তা বলবৎ থাকবে বলে বাজেটে জানানো হয়েছে।এ ছাড়াও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া সরকারি ও সরকার-পোষিত কলেজের পড়ুয়াদের জন্য এককালীন ৩০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের জন্য বাজেটে ৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।





