Header AD
Trending

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলায় শুরু সার্ভাইকাল ক্যানসার টিকাকরণ, এসএসকেএম-সহ সরকারি হাসপাতালে বাড়ল ১০০ বেড

cervical doze

রাজ্যে সরকারি স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজাতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের সূচনা হল শনিবার। এদিন থেকেই পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়ে গেল সার্ভাইকাল ক্যানসার প্রতিরোধে (Cervical Cancer Vaccination Programme) বিশেষ টিকাকরণ কর্মসূচি। রাজ্যের ১৪ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে এই টিকা দেবে সরকার। একই সঙ্গে সরকারি হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এসএসকেএম-সহ বিভিন্ন হাসপাতালে অতিরিক্ত ১০০টি বেড চালু করা হয়েছে।

শনিবার বিধাননগর হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে সার্ভাইকাল ক্যানসার টিকাকরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। কেন্দ্রের সহযোগিতায় চালু হওয়া এই প্রকল্পের আওতায় ১৪ থেকে ১৫ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে টিকা দেওয়া হবে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ২৩৫টি স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে এই টিকাকরণ কর্মসূচি পরিচালিত হবে। প্রথম পর্যায়ে ৭ লক্ষেরও বেশি কিশোরীকে টিকার আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে দুই কিশোরীর হাতে টিকাকরণের শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই কর্মসূচির জন্য কেন্দ্র ইতিমধ্যেই ৭ লক্ষ ৭২ হাজার ৬৫০ ডোজ টিকা পাঠিয়েছে।

অন্যদিকে, স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের লক্ষ্যে এসএসকেএম হাসপাতাল ও সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠানে অতিরিক্ত বেড চালু করা হয়েছে। এসএসকেএমের মহিলা বিভাগে ২৫টি, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ২৫টি এবং পুলিশ হাসপাতালে ৫০টি নতুন বেড যুক্ত হয়েছে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, রোগী রেফারের ক্ষেত্রে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। অপ্রয়োজনীয় রেফার ও দালালচক্রের দৌরাত্ম্য রুখতে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হবে।

হাসপাতালগুলিতে লাইভ মনিটরিং চালু করার পাশাপাশি জেলা হাসপাতালগুলির কার্যক্রম পর্যবেক্ষণের জন্য পৃথক কন্ট্রোল রুম গঠনের ঘোষণাও করা হয়েছে।

রাজ্য সরকারের দাবি, সরকারি হাসপাতালগুলিতে উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতেই এই উদ্যোগগুলি নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ নিজেদের জেলাতেই উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পান।