গণবিদ্রোহে উত্তাল প্রতিবেশী রাষ্ট্র নেপাল। পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। সরকার পতনের মতো তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে । এই মুহূর্তে কার্যত পালানোর পথ খুঁজছেন নেপালের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী । পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে ইতিমধ্যেই জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। বাংলার সীমান্ত লাগোয়া প্রতিবেশী দেশের এই পরিস্থিতির প্রভাব এখানেও পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে। এবার নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে দমদম বিমানবন্দরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তির বার্তা দিলেন।মুখ্যমন্ত্রীর কথায়, “নেপাল আমার দেশ নয়। এটা বিদেশি রাষ্ট্র। এই ব্যাপারে কথা বলতে পারি না। নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশকে ভালোবাসি। কেন্দ্রীয় সরকার আমাদের কিছু বললে, বলতে পারি। এটা কেন্দ্র দেখছে। আমার অনুরোধ থাকছে, সীমান্ত এলাকায় নজর রাখুন সকলে। কোনও গন্ডগোলে জড়িয়ে পড়বেন না। ওখানে শান্তি ফিরে আসুক। আমারা মনে করি, পাড়া-প্রতিবেশী ভালো থাকলে আমরা ভালো থাকব।” পাশাপাশি এই উত্তাল পরিস্থিতিতে রাজ্য সরকারকে না জানিয়ে কেউ যেন এই মুহূর্তে নেপালে না যান, পরামর্শ মুখ্যমন্ত্রীর।





