Header AD
Trending

বারুইপুর কাণ্ডে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস, হিংসার নেপথ্যে ষড়যন্ত্রের ইঙ্গিত

suvendu darbar

বারুইপুরের নৃশংস ঘটনাকে কেন্দ্র করে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই জঘন্যতম অপরাধে জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না। তদন্তে দোষ প্রমাণিত হলে অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

সোমবার মিত্র ইনস্টিটিউশনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, তিনি ইতিমধ্যেই নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছেন। পরিবারের একমাত্র দাবি দৃষ্টান্তমূলক বিচার, এবং সরকার সেই প্রত্যাশা পূরণে সবরকম সহযোগিতা করবে বলেও তিনি জানান। মুখ্যমন্ত্রী বলেন, ”আমি কালকেই ওর বাবার সঙ্গে কথা বলেছি। জঘন্যতম ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন। তদন্তের মাঝপথে বিস্তারিত কিছু বলব না, তবে পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন এবং সরকারের কাছ থেকে যে সহযোগিতা চেয়েছেন, তা পাবেন। আমার উপর আস্থা রেখেছেন।”

তদন্তের স্বার্থে এই মুহূর্তে সব তথ্য প্রকাশ করতে না চাইলেও প্রশাসন দ্রুত পদক্ষেপ নিচ্ছে বলে আশ্বাস দেন।

মুখ্যমন্ত্রী জানান, ঘটনাকে ঘিরে মোট চারটি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে একটি মূল নৃশংস অপরাধের মামলা, পাশাপাশি আরও তিনটি পৃথক মামলা তদন্তাধীন রয়েছে।

একইসঙ্গে তিনি দাবি করেন, গণপিটুনির ঘটনায় পরিকল্পিত সাম্প্রদায়িক উদ্দেশ্য থাকতে পারে। তবে তদন্ত শেষ হওয়ার আগে কোনও ব্যক্তি বা গোষ্ঠী সম্পর্কে চূড়ান্ত মন্তব্য করতে চান না বলেও স্পষ্ট করেন তিনি।

বারুইপুরে প্রতিবাদের নামে রেলপথে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকেও অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “রেললাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, তা দেখে আমাদের ২০১৯ সালের সিএএ বিরোধী আন্দোলন কিংবা কিছুদিন আগের ওয়াকফ সংশোধনী বিল বিরোধী হিংসাত্মক আন্দোলনের ইতিহাস মনে পড়ছে। হামলায় সিআরপিএফের দু’জন জওয়ান আহত হয়েছেন, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।”

পুরো ঘটনাই প্রশাসনের নজরে রয়েছে এবং প্রত্যেকটি দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।

বিরোধীদের নাম উল্লেখ না করেই মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, নির্বাচনে পরাজিত হয়ে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়া কয়েকটি শক্তি একজোট হয়ে অশান্তি তৈরির চেষ্টা করছে। তাঁর দাবি, এই ধরনের হিংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত, তাদের প্রত্যেককেই আইনের মুখোমুখি হতে হবে এবং কেউ ছাড় পাবে না।