মুখ্যমন্ত্রী হওয়ার পর বুধবার প্রথমবার বিধানসভায় পা রাখলেন শুভেন্দু অধিকারী (Chief Minister Of West Bengal)।প্রথমদিন সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করে বিধানসভায় ঢুকলেন মুখ্যমন্ত্রী ।এদিন বিধানসভায় তাঁকে স্বাগত জানান প্রোটেম স্পিকার তথা মানিকতলা কেন্দ্রের বিজেপি বিধায়ক তাপস রায়। প্রথামাফিক বিধানসভা চত্বরে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। বিআর অম্বেডকরের মূর্তিতে মাল্যদান করেন শুভেন্দু। তার পর বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট ঘরে যান তিনি। সেখানে পুজো দেন।তারপর বিধানসভায় শপথ নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালে বিপুল জনসমর্থন নিয়ে জেতার পর সংসদ ভবনে ঢোকার আগে একইভাবে প্রণাম করেছিলেন। ঠিক একইভাবে এদিন হাঁটু মুড়ে প্রণাম করলেন শুভেন্দু অধিকারী।এমনকি নিজের জন্য নির্দিষ্টে কক্ষে পুজোও দিলেন।পরে সমাজমাধ্যমে এই পুজোর ভিডিয়ো পোস্ট করেন শুভেন্দু। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে ঘণ্টা বাজিয়ে পুজো করছেন শুভেন্দু।

এদিন বিধানসভায় প্রথম বিধায়ক হিসাবে তাঁকে শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার। সূত্রের খবর, ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু। অর্থাৎ, নন্দীগ্রাম আসনটি তিনি ছেড়ে দিতে চলেছেন বলেই মনে করা হচ্ছে। শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে ব্রিগেডে শপথগ্রহণ করেছিলেন শুভেন্দু। এবার বিধায়ক হিসেবে বুধবার শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বেলা ১১টার কিছু পরে শপথগ্রহণ করেন তিনি।
শুভেন্দুর পর শপথ নেন রাজ্য মন্ত্রিসভার অন্য সদস্যেরা। একে একে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকেরা। তার পর অন্য বিধায়কদের শপথগ্রহণ শুরু হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, প্রথম দফায় দুপুর দেড়টা পর্যন্ত প্রায় ৮০ জন বিধায়ক শপথ নেবেন। এই পর্বে মূলত উত্তরবঙ্গ এবং মুর্শিদাবাদ জেলার বিধায়কদের শপথগ্রহণ চলবে। দ্বিতীয় পর্বে শপথগ্রহণ শুরু হবে দুপুর ২টোয়। চলবে বিকেল ৪টে পর্যন্ত। এই পর্বে নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার বিধায়কেরা শপথ নেবেন।
জানা যাচ্ছে, বুধবারের পর বৃহস্পতিবারও জয়ী বিধায়কদের শপথগ্রহণ চলবে বিধানসভায়। প্রত্যেককেই শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার।





