Header AD
Trending

অভিষেককে CID-র নোটিশ, সোমবার ভবানীভবনে হাজিরার নির্দেশ ! ‘পারলে গ্রেপ্তার করুক’ পাল্টা সাংসদ

CID Notice

বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত তদন্তে এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নোটিশ দিল রাজ্য তদন্তকারী সংস্থা CID। শনিবার তাঁকে নোটিশ ধরাতে প্রথমে হরিশ মুখার্জি স্ট্রিটের বাসভবনে গেলেও সেখানে তাঁকে না পেয়ে পরে কালীঘাটের বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। কিছুক্ষণ অপেক্ষার পর অভিষেক নিজে নোটিশ গ্রহণ করেন।

সিআইডি সূত্রে জানা গিয়েছে, তাঁকে আগামী সোমবার (১ জুন) দুপুর ১২টায় ভবানীভবনে হাজির হতে বলা হয়েছে। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাবপত্রে তৃণমূল বিধায়কদের স্বাক্ষর জাল হওয়ার অভিযোগের তদন্তেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে খবর।

নোটিশ পাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, তিনি এখনও নোটিশটি বিস্তারিতভাবে পড়েননি। আইনজীবীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। তবে তদন্তে প্রয়োজন হলে তিনি সহযোগিতা করবেন বলেও জানান। তাঁর বক্তব্য, ‘অতীতেও ইডি ও সিবিআইয়ের ডাকে হাজির হয়েছি এবং সব প্রশ্নের উত্তর দিয়েছি।‘ একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, কোনও তদন্ত বা চাপের মুখে তিনি রাজনৈতিক অবস্থান বদলাবেন না। ভয় পেয়ে মাথা নোয়ানোর মানুষ তিনি নন। তাঁর কথায়, ‘ যতই ভয় দেখাক, ধমক-চমক দিক আমাকে দমানো যাবে না। ক্ষমতা থাকলে গ্রেপ্তার করুক।‘

অভিষেকের এই মন্তব্যের পাল্টা কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তাঁর দাবি, এখনও অভিষেকের অহংকার কমেনি এবং বাস্তব পরিস্থিতি মেনে নিতে শেখেননি।

এদিকে একই মামলায় শনিবার বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকেও ( Kunal Ghosh) নোটিশ দিয়েছে সিআইডি। কুণাল জানিয়েছেন, আইন মেনেই সব ধরনের সহযোগিতা করবেন। পাশাপাশি তাঁর বক্তব্য, তদন্তের স্বার্থে অন্য কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও আগে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল। কুণালের দাবি, বিরোধী দলনেতা নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়েও বেশি বিধায়ক তৃণমূলের রয়েছে।

উল্লেখ্য, এই স্বাক্ষর জালিয়াতি অভিযোগের তদন্তে এর আগেও একাধিক তৃণমূল বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছে সিআইডি। সেই তদন্তের পরিধি ক্রমশ বিস্তৃত হওয়ায় রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।