Header AD
Trending

ফের অভিষকের বাড়িতে সিআইডি, নতুন মামলায় নাম জুড়ে আরও বিপাকে সাংসদ!

ab pailan

সই-কাণ্ডের জের কাটতে না কাটতেই নতুন মামলায় নাম জুড়ল অভিষেকের! কালীঘাটের বাড়িতে পৌঁছল সিআইডির টিম। শুক্রবার বিকেলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাটের বাড়িতে ফের হানা দেয় সিআইডির একটি দল। তবে তিনি বাড়িতে উপস্থিত না থাকায় তদন্তকারী সংস্থার নোটিশ প্রদান ঘিরে কিছুটা জটিলতা তৈরি হয়।

সূত্রের দাবি, সল্টলেকে দায়ের হওয়া একটি সাইবার অভিযোগের তদন্তের সূত্র ধরেই সিআইডি অভিষেকের বাসভবনে যায়।পাশাপাশি ভোটপ্রচারের সময় করা এক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের হয়েছিল। পরবর্তীতে সেই মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডি। ওই মামলার তদন্ত সংক্রান্ত নোটিশ দিতেই তদন্তকারীরা সাংসদের কালীঘাটে্র বাড়িতে যান বলে জানা গিয়েছে।

তবে সিআইডি পৌঁছনোর আগেই অভিষেক বাড়ি থেকে বেরিয়ে যান। সূত্রের খবর, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়েছিলেন।

এদিন বিকেল সাড়ে চারটা নাগাদ সিআইডির দল তাঁর বাড়িতে পৌঁছলেও তাঁকে না পাওয়ায় অফিসের কর্মীদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। কর্মীরা জানান, বিষয়টি অভিষেককে জানানো হয়েছে। তাঁর অনুপস্থিতিতে অন্য কেউ নোটিশ গ্রহণ করতে পারবেন কি না, তা নিয়েও আলোচনা হয়।

ঘটনাকে কেন্দ্র করে কালীঘাট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিষেকের বাড়ির সামনে ভিড় জমে যায় সমর্থক ও কৌতূহলী মানুষের। কয়েক জন আইনজীবীকেও সেখানে উপস্থিত হতে দেখা যায়। যদিও সিআইডির নোটিশে ঠিক কী উল্লেখ রয়েছে, তা এখনও প্রকাশ্যে আসেনি।

উল্লেখ্য, বিধানসভার সই জালিয়াতি-কাণ্ডের তদন্তে অভিষেককে একাধিকবার তলব করেছিল সিআইডি। সেই নোটিশকে চ্যালেঞ্জ করে তিনি আদালতের দ্বারস্থ হন। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের নির্দেশে ভবানী ভবনে হাজিরা দেন তিনি। সেখানে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীরা আগামী ১৪ জুন ফের তাঁকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

এরই মধ্যে নতুন মামলার তদন্তে সিআইডির এই পদক্ষেপ রাজনৈতিক মহলে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে।