বিহারের এক BJP নেত্রীর স্বামীকে মালদহে (Maldah) পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা নিয়ে তৃণমূল কংগ্রেস (TMC) অভিযোগ তোলার পরই পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মালদহের চারটি বিধানসভা কেন্দ্র—মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর ও বৈষ্ণবনগরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ পর্যবেক্ষক জয়ন্ত কান্তকে সরিয়ে দেওয়া হয়েছে।
তৃণমূলের দাবি ছিল, জয়ন্ত কান্তের (Jayant Kant) স্ত্রী বিহারের বিজেপি নেত্রী হওয়ায় তিনি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবেন কি না তা নিয়ে প্রশ্ন ওঠে। এই অভিযোগ প্রকাশ্যে আনেন মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) ও সাংসদ পার্থ ভৌমিক (Partha Bhowmik)। অভিযোগ খতিয়ে দেখে কমিশন (ECI) সিদ্ধান্ত নেয় তাঁকে সরানোর। তার বদলে ওই চার কেন্দ্রে নতুন পুলিশ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইপিএস অফিসার হৃদয় কান্ত, যিনি ঝাড়খণ্ডের বাসিন্দা হলেও বিহার ক্যাডারের অফিসার।
শুধু মালদহ নয়, কমিশন আরও পাঁচজন পুলিশ পর্যবেক্ষককেও বদল করেছে। জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি-সহ একাধিক কেন্দ্রে নতুন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। পাশাপাশি জামুড়িয়া, আসানসোল দক্ষিণ ও উত্তর, কুলটি, বারাবনি এবং খড়্গপুরের বিভিন্ন কেন্দ্রেও পরিবর্তন আনা হয়েছে। নির্বাচনের আগে প্রতিটি বিধানসভা কেন্দ্রে সাধারণ, পুলিশ এবং ব্যয়-সংক্রান্ত—এই তিন ধরনের পর্যবেক্ষক নিয়োগ করে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে মোট ২৯৪ জন সাধারণ পর্যবেক্ষকের পাশাপাশি ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে, যা আগের তুলনায় বেশি।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হবে এবং ফলাফল ঘোষণা করা হবে ৪ মে।





