Header AD

ভোররাতে তালিকা প্রকাশ কমিশনের! ট্রাইব্যুনালে কত নামের নিস্পত্তি , স্পষ্ট নয়

commission releases list

মাঝরাতের পর এবার ভোররাতে! ট্রাইব্যুনালে নিস্পত্তি হওয়া ভোটারদের (Election In Bengal) তালিকা প্রকাশ করতে রাত শেষ করে ভোর হয়ে গেল কমিশনের। বুথভিত্তিক এই তালিকা প্রকাশ্যে আনা হলেও, ঠিক কত জন নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে বা কত জনের নাম তালিকা থেকে বাদ পড়েছে, সে বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট পরিসংখ্যান জানাতে পারেনি কমিশন (ECI)। ফলে সাধারণ ভোটারদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা থেকেই গিয়েছে। কমিশন সূত্রে খবর, আজ বুধবার সন্ধ্যার মধ্যেই সম্পূর্ণ তথ্য-সহ একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হতে পারে। সেই তালিকা প্রকাশের পরই স্পষ্ট হবে মোট সংযোজন ও বিয়োজনের প্রকৃত চিত্র, যা আসন্ন নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বুধবারের সংশোধিত ভোটার তালিকায় দুটি পৃথক অংশ রাখা হয়েছে—একটিতে নতুন করে অন্তর্ভুক্ত হওয়া ভোটারদের নাম এবং অন্যটিতে বাদ পড়া নামগুলির তালিকা। বুথভিত্তিকভাবে এই তথ্য সাজানো থাকায়, নির্দিষ্ট বিধানসভা কেন্দ্র ও বুথ নম্বর বেছে নিয়ে খুব সহজেই তালিকা ডাউনলোড করা যাচ্ছে কমিশনের ওয়েবসাইট থেকে। তবে যেসব বুথে কোনও আপত্তি বা দাবি সংক্রান্ত নিষ্পত্তি হয়নি, সেসব ক্ষেত্রে স্বাভাবিকভাবেই কোনও পরিবর্তিত তালিকা প্রকাশ করা হয়নি। পাশাপাশি, যাঁদের নাম বিচারাধীন তালিকা থেকে বাদ পড়েছিল, তাঁরাও কমিশনের ওয়েবসাইটে গিয়ে নিজেদের এপিক নম্বর দিয়ে খোঁজ নিতে পারছেন—তাঁদের নাম চূড়ান্ত তালিকায় রয়েছে কি না। এই তালিকায় যাঁদের নাম অন্তর্ভুক্ত হয়েছে, তাঁরা আগামীকাল, অর্থাৎ বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

প্রসঙ্গত, সংবিধানের ১৪২ ধারার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ভোটের দু’দিন আগে পর্যন্ত ট্রাইব্যুনালে যাঁদের নাম ‘যোগ্য’ হিসেবে স্বীকৃতি পাবে, তাঁরা সংশ্লিষ্ট নির্বাচনে ভোট দেওয়ার অধিকারী হবেন। সেই নির্দেশ মেনেই প্রথম দফার ১৫২টি বিধানসভা কেন্দ্রের নির্বাচনের আগে ২১ তারিখের মধ্যে সংশোধিত তালিকা প্রকাশের কথা জানানো হয়েছিল। তারই প্রেক্ষিতে বুধবার ভোররাতে ভোটার তালিকার আপডেটেড সংস্করণ প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই তালিকার ভিত্তিতেই প্রথম দফার ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হবে। আগামী ২৯ এপ্রিল ১৪২টি আসনে দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে, ২৭ এপ্রিল ফের একবার ‘যোগ্য’ভোটারদের সংশোধিত তালিকা প্রকাশ করবে কমিশন। দ্বিতীয় দফার ভোটগ্রহণও সেই  তালিকা মেনেই হবে বলে কমিশন সূত্রে খবর।