Header AD
Trending

দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে বিতর্ক! কমিশনের দ্বারস্থ তৃণমূল

দিলীপ ঘোষ-এর সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে পশ্চিমবঙ্গে। দিলীপের মন্তব্য নির্বাচনী আচরণবিধিকে লঙ্ঘন করেছে। এই অভিযোগে নির্বাচন কমিশনের (Election Commission of India) কাছে চিঠি পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে এই চিঠি দেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)।

চিঠিতে দাবি করা হয়েছে, কয়েকদিন আগে দিলীপ ঘোষ (Dilip Ghosh) এমন কিছু মন্তব্য করেছেন যা সরাসরি উস্কানিমূলক। দিলীপ ঘোষ বলেছেন, “আমাদের কর্মীরা তৈরি হয়ে আছে। তারপর খালি মাথায় বাঁধা হবে না, অনেক জায়গায় বাঁধা হবে। বাইরের লোক লাগে না। আমরাই তৃণমূলকে… পারি। এবং সারা পশ্চিমবাংলাতে…। আমরা বলে দিচ্ছি। আমি আজকে আহ্বান করছি আমাদের কর্মীদের।” তাঁর বক্তব্যের একটি অংশ উদ্ধৃত করে বলা হয়েছে, দলীয় কর্মীদের উদ্দেশে তিনি লড়াইয়ের আহ্বান জানিয়েছেন, যা বিরোধীদের মতে আক্রমণাত্মক এবং অশোভন।

এই ঘটনার প্রেক্ষাপটে ইতিমধ্যেই রাজ্যের রাজনীতি সরগরম। বিশেষ করে ব্রিগেড সমাবেশের দিন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা-র বাড়িতে হামলার ঘটনাকে ঘিরে তৃণমূল আরও সতর্ক অবস্থান নিয়েছে। দলের দাবি, দিলীপ ঘোষের বক্তব্য এই ধরনের ঘটনার সঙ্গে পরোক্ষভাবে যুক্ত এবং তা হালকাভাবে নেওয়া উচিত নয়।বর্তমানে নির্বাচনী আচরণবিধি চালু থাকায় বিষয়টি সরাসরি নির্বাচন কমিশনের আওতায় পড়ে। তাই বিজেপি নেতার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য কমিশনের হস্তক্ষেপ চেয়েছে তৃণমূল।

উল্লেখ্য, দিলীপ ঘোষ খড়গপুর কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজনীতিতে স্পষ্টভাষী ও বিতর্কিত মন্তব্যের জন্য আগেও বহুবার শিরোনামে এসেছেন দিলীপ ঘোষ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও তার ব্যতিক্রম হল না। ভোটের শুরুতেই তাঁর বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।