পয়লা বৈশাখ উপলক্ষে নির্বাচনী প্রচারের তীব্রতা বাড়িয়েছে রাজনৈতিক দলগুলি। সেই আবহেই বুধবার হুগলির চুঁচুড়ার ঘড়ি মোড়ে BJPর একটি বিশেষ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল দলের শীর্ষ নেত্রী স্মৃতি ইরানির (Smriti Irani)। কিন্তু নির্ধারিত কর্মসূচি মাঝপথেই ছেড়ে চলে যাওয়াকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক।
দলীয় সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী সভাস্থলে পৌঁছন স্মৃতি। সেখান থেকেই ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্পের সূচনা করার কথা ছিল তাঁর। তবে অভিযোগ, তিনি গিয়ে দেখেন স্থানীয় জেলা নেতৃত্বের গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত নেই। এমনকি তাঁকে স্বাগত জানানোর মতো কোনও উল্লেখযোগ্য আয়োজনও করা হয়নি।
এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। জেলা নেতৃত্বের এই উদাসীনতায় অসন্তুষ্ট হয়ে তিনি সঙ্গে সঙ্গেই কর্মসূচি ত্যাগের সিদ্ধান্ত নেন। উপস্থিত কর্মীদের একাংশ তাঁকে থামানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সভাস্থল ছেড়ে বেরিয়ে যান তিনি।
ঘটনাকে কেন্দ্র করে বিজেপির অন্দরমহলে অসন্তোষ ও গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত স্পষ্ট বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও দলের এক প্রার্থী দাবি করেছেন, স্মৃতি ইরানির অন্য একটি কর্মসূচি থাকায় তিনি দ্রুত ফিরে যান। এই ব্যাখ্যায় অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি এড়িয়ে যাওয়ারই চেষ্টা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। বিধানসভা নির্বাচনের মুখে এই ধরনের ঘটনা দলের উপর প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন দলেরই একাংশ।





