উত্তর ২৪ পরগনার পানিহাটিতে পথসভা ঘিরে উত্তেজনা! সিপিএম (CPIM) কর্মী ও তার বাবাকে মারধরের অভিযোগে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপি (BJP)প্রার্থী রত্না দেবনাথ-এর সভাকে কেন্দ্র করে সিপিএম সমর্থক এক মহিলা ও তাঁর বাবার উপর হামলার অভিযোগ উঠেছে। জানা যাচ্ছে, অভয়ার মায়ের প্ররোচনায় নাকি মহিলা সিপিএম কর্মী ও তাঁর বাবাকে বেধড়ক মারধর করা হয়। সোমবার বিকেলের এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। ঘটনার প্রতিবাদে অভয়ার নিন্দায় ঝড় উঠেছে নেটপাড়ায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মহাজাতি সেন্ট্রাল মোড়ে বিজেপির একটি পথসভা চলছিল, যেখানে উপস্থিত ছিলেন অভয়ার মা পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। সেই সময় সিপিএম প্রার্থীকে সমর্থন জানিয়ে টোটো নিয়ে সেখানে পৌঁছন তাদের দলীয় কর্মী শ্রীলেখা মুখোপাধ্যায় ও তাঁর বাবা সুরজিৎ মুখোপাধ্যায়। অভিযোগ, বিজেপি কর্মীরা তাঁদের টোটো সরিয়ে নিতে বলেন, যা নিয়ে শুরু হয় বচসা।
সিপিএমের দাবি, মঞ্চ থেকে বিজেপি প্রার্থী আপত্তিকর ভাষায় আক্রমণ করতে থাকেন। এরপর টোটোয় লাগানো সিপিএমের ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয় এবং মাইকের তার কেটে দেওয়া হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন বাধা দিতে গেলে শ্রীলেখা ও তাঁর বাবাকে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁদের উদ্দেশে অশ্লীল গালিগালাজ ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। ঘটনার পর শ্রীলেখা মুখোপাধ্যায় খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর কথায়, “প্রচার করতে গিয়ে হামলার মুখে পড়েছি। আমাকে ও আমার বাবাকে মারধর করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে।” এই ঘটনাকে কেন্দ্র করে সিপিএমের তরফে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। পানিহাটির বাম প্রার্থী কলতান দাসগুপ্ত বলেন, “নারী নিরাপত্তা নিয়ে বড় বড় কথা বলা হলেও বাস্তবে বিজেপির চরিত্র এই ঘটনায় পরিষ্কার।”

অন্যদিকে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। দলের তরফে জানানো হ্যেছে, পুলিশের অনুমতি নিয়েই সেখানে সভা হচ্ছিল। হঠাৎ টোটো এনে দাঁড় করানো হয়। মাইকের শব্দ কমাতে বলায় বচসা হয়। কিন্তু হামলার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে বিজেপি।





