আইপিএলের ১৯তম মরশুম শুরু হওয়ার আগেই বড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস (CSK)। দলের প্রাণভোমরা মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) পায়ের কাফ মাসলে চোট পাওয়ায় অন্তত প্রথম দুই সপ্তাহ মাঠের বাইরে থাকবেন।
সিএসকে কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, ধোনির বর্তমানে রিহ্যাব চলছে এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন তিনি। তবে চিকিৎসকদের পরামর্শ মেনেই তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না ফ্র্যাঞ্চাইজি।
শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএল। ৩০ মার্চ রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে চেন্নাই। ধারণা করা হচ্ছে, প্রথম কয়েকটি ম্যাচ—প্রায় চারটি—ধোনিকে ছাড়াই খেলতে হবে রুতুরাজ গায়কোয়াড়দের (Ruturaz Gaikwad)। এমনকি ১১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের (DC) বিরুদ্ধেও তাঁর খেলা অনিশ্চিত। তবে ১৪ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের(KKR) ম্যাচে তাঁর ফেরার সম্ভাবনা রয়েছে।
৪৪ বছর বয়সি ধোনি আগের মরশুমেও হাঁটুর সমস্যায় ভুগেছিলেন। এবার আইপিএল শুরুর আগে পায়ের পেশিতে চোট পাওয়ায় নতুন করে চিন্তা বাড়িয়েছে। ফলে আপাতত তিনি রিহ্যাবেই মনোযোগ দিচ্ছেন। ধোনির অনুপস্থিতি সিএসকে-র জন্য বড় ক্ষতি বলেই মনে করা হচ্ছে। দলের ব্যাটিংয়ের শেষদিকে তাঁর গুরুত্বপূর্ণ অবদান এবং মাঠে তাঁর অভিজ্ঞতা—দুটোরই অভাব অনুভূত হবে। যদিও উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাতে প্রস্তুত সঞ্জু স্যামসন( Sanju Samson), তবুও ধোনির উপস্থিতির গুরুত্ব আলাদা।
গত মরশুমে খুব একটা ছন্দে ছিলেন না ধোনি। তাই এবারের আইপিএলে তাঁর পারফরম্যান্স ও ফিটনেস নিয়ে আগ্রহ ছিল ভক্তদের মধ্যে। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি মজা করে জানিয়েছিলেন, ৬০ বছর বয়স পর্যন্ত খেলতে চান। তবে বাস্তবে ফিট থাকা যে কতটা কঠিন, সেটাও স্বীকার করেছেন তিনি। সব মিলিয়ে আইপিএলের শুরুতেই ধোনির অনুপস্থিতি চেন্নাই শিবিরে বড় ধাক্কা হয়ে এল। এখন অপেক্ষা, কবে আবার হলুদ জার্সিতে মাঠে নামবেন ‘থালা’।





