রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ (DA Case) সংক্রান্ত মামলার শুনানি আবারও পিছিয়ে গেল সুপ্রিম কোর্ট-এ (Supreme Court Of India)। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে আদালত মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ৬ মে। এর ফলে বেশ কিছুটা বাড়তি সময় পেল রাজ্য সরকার।
বুধবারের শুনানিতে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যেই প্রথম দফায় প্রায় ৬০০০ কোটি টাকা বকেয়া ডিএ বাবদ প্রদান করা হয়েছে। পাশাপাশি, ডিএ সংক্রান্ত বিষয়ে গঠিত বিশেষ কমিটির সমস্ত সুপারিশ মেনে চলার আশ্বাসও দেওয়া হয়েছে। তবে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে আরও কিছু সময়ের আবেদন জানায় রাজ্য, যা আদালত মঞ্জুর করে।
এর আগে কলকাতা হাই কোর্ট রাজ্যকে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করে রাজ্য সরকার। দীর্ঘ শুনানির পর আদালত নির্দেশ দেয়, মোট বকেয়া ডিএ-র ২৫ শতাংশ নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। গত ৫ ফেব্রুয়ারি বিচারপতি সঞ্জয় করোল ও মনোজ মিশ্র-এর বেঞ্চ জানায়, মে মাসের মধ্যে দুই কিস্তিতে এই ২৫ শতাংশ মেটাতে হবে। প্রথম কিস্তি ৩১ মার্চের মধ্যে দেওয়ার নির্দেশ ছিল। বাকি অর্থ কবে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয় অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা-র নেতৃত্বাধীন কমিটিকে। নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রথম কিস্তির টাকা মিটিয়েছে রাজ্য সরকার। তবে সরকার পোষিত বিভিন্ন সংস্থার কর্মীরা এখনও বকেয়া অর্থ পাননি বলে জানা গেছে।
এদিন শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান, কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী গঠিত কমিটির সুপারিশ মেনেই কাজ চলছে এবং এপ্রিলের শেষে ওই কমিটি রিপোর্ট জমা দেবে। সেই কারণেই মামলাটি কিছুদিনের জন্য স্থগিত রাখার আবেদন জানানো হয়। আদালত সেই আবেদন গ্রহণ করে এবং পরবর্তী শুনানির দিন নির্ধারণ করে ৬ মে।





