মুখ্যমন্ত্রীর পদে বসার কিছুদিনের মধ্যেই খুনের হুমকি পেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আল কায়দা জঙ্গি সংগঠনের নাম ব্যবহার করে ভবানীপুর থানায় পাঠানো হয় একটি হুমকি ইমেল। সেই ঘটনায় দ্রুত তদন্তে নেমে গার্ডেনরিচ থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে এসটিএফ (Special Task Force)।
শুক্রবার সাংবাদিক বৈঠকে এসটিএফের যুগ্ম কমিশনার জানান, বুধবার সকাল প্রায় ১০টা ১৫ মিনিট নাগাদ ভবানীপুর থানায় ওই ইমেলটি আসে। মেলে দাবি করা হয়, এক মহিলা আল কায়দার সঙ্গে যুক্ত এবং তাঁর মাধ্যমেই বাংলার নতুন মুখ্যমন্ত্রীকে সুইসাইড বম্ব হামলার পরিকল্পনা করা হচ্ছে।
ঘটনার পরই তৎপর হয় পুলিশ ও এসটিএফ। শুরু হয় চিরুনি তল্লাশি। তদন্তে নেমে গার্ডেনরিচ এলাকা থেকে হাসনেন আলি নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। জেরায় সে হুমকি মেল পাঠানোর কথা স্বীকার করেছে বলে জানিয়েছে তদন্তকারীরা।
এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের সঙ্গে এক মহিলার ব্যক্তিগত শত্রুতা ছিল। সেই কারণেই তাঁকে ফাঁসানোর উদ্দেশ্যে ওই মহিলার ইমেল আইডি ব্যবহার করে মুখ্যমন্ত্রীর নামে ভুয়ো খুনের হুমকি পাঠানো হয়। আল কায়দার নাম জড়িয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টাও করা হয়েছিল বলে মনে করছে তদন্তকারী সংস্থা।





