আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R G kar Incident) পরিকাঠামোগত সমস্যাকে কেন্দ্র করে আবারও বিতর্ক তৈরি হয়েছে। এবার অভিযোগ উঠেছে মেয়েদের হস্টেলের শৌচালয়ের সিলিং ভেঙে পড়ার ঘটনায়। অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানিয়েছেন পড়ুয়াদের একাংশ।
অভিযোগ অনুযায়ী, রবিবার রাতে মেয়েদের হস্টেলের একটি শৌচালয়ের সিলিং থেকে হঠাৎ একটি চাঙড় খসে পড়ে। সেই সময় কেউ উপস্থিত না থাকায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়। পড়ুয়াদের দাবি, শুধু এই হস্টেল নয়, ললিত মেমোরিয়াল-সহ অন্যান্য হস্টেলের অবস্থাও অত্যন্ত খারাপ এবং বহুদিন ধরেই পরিকাঠামোগত সমস্যা রয়েছে।
এই ঘটনার পর ‘স্টুডেন্টস বডি’ সোমবার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠক করে। বৈঠকে হস্টেল ও হাসপাতালের উন্নয়ন-সহ মোট ছয় দফা দাবি পেশ করা হয়। পড়ুয়াদের দাবি, বৈঠকের পর কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে এবং হস্টেলগুলির মেরামতির কাজ শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে এই কাজ শেষ করার কথাও জানানো হয়েছে।
এছাড়া পূর্ত দফতরের আধিকারিক, হস্টেল সুপার এবং পড়ুয়াদের প্রতিনিধিদের নিয়ে হস্টেল পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন হস্টেল বাসযোগ্য, তা খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি পানীয় জল ও পরিষ্কার-পরিচ্ছন্নতার সমস্যাও বৈঠকে গুরুত্ব পেয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এই হাসপাতালকে ঘিরে একাধিক বিতর্ক সামনে এসেছে। কয়েক দিন আগে ট্রমা কেয়ার ভবনের লিফ্টে দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়। এরপর শৌচালয়ের অভাবজনিত সমস্যার অভিযোগে আরও এক রোগীর মৃত্যুর ঘটনাও সামনে আসে। এই পরিস্থিতিতে হস্টেলের পরিকাঠামো নিয়েও প্রশ্ন ওঠায় উদ্বেগ আরও বেড়েছে।





