Header AD
Trending

দিল্লি বিস্ফোরণের জের! ইডেনে ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচে নজিরবিহীন নিরাপত্তা

দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর দেশজুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে।  কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে রাখা হয়েছে কলকাতাকেও। শুক্রবার থেকে ইডেনে (Eden Gardens) শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (South Africa) টেস্ট ম্যাচ। তাই নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না কলকাতা পুলিশ। ক্রিকেটারদের নিরাপত্তা এবং দর্শকদের সুরক্ষার কথা মাথায় রেখে খেলা চলাকালীন দর্শকদের মধ্যে মিশে থাকবে সাদা পোশাকের পুলিশ। পাশাপাশি ইডেনের ফেন্সিং জুড়েও মোতায়েন থাকবে বিশাল পুলিশবাহিনী।

গোটা মাঠের নিরাপত্তার দিকগুলি খতিয়ে দেখতে মঙ্গলবার ইডেন পরিদর্শন করেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। সূত্রের খবর, পুলিশকর্তারা নিরাপত্তার কথা মাথায় রেখে ইডেনের বিভিন্ন অংশকে কয়েকটি ভাগে ভাগ করেছেন। প্রত্যেকটি ভাগের দায়িত্বে থাকবেন ডেপুটি পুলিশ কমিশনার, থাকবেন ৯ জন এসি। দর্শকরা যে জায়গায় বসবেন সেখানেও একজন করে ডেপুটি পুলিশ কমিশনার এবং অন্তত ৯ জন এসি দায়িত্বে থাকবেন। এমনকী বিরাট পুলিশের একটি দলও সুরক্ষায় মোতায়েন থাকবেন। লালবাজার সূত্রে জানা যাচ্ছে , ক্লাব হাউস এবং ভিভিআইপি জোনের নিরাপত্তাতেও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা মোতায়েন থাকবেন।

ইডেনের বিভিন্ন জায়গায় সশস্ত্রবাহিনীর সদস্যরা যেমন থাকবেন, তেমনই থাকবে কিআরটি অর্থাৎ কুইক রেসপন্স টিম। পাশাপশি ইডেনের বাইরেও নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে। ইডেনকে ঘিরে বিভিন্ন জায়গায় তৈরি করা হচ্ছে বাঙ্কার। যেখানে কলকাতা পুলিশের কমব্যাট বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। শুক্রবার যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ইডেন সংলগ্ন একাধিক রাস্তাতেও।