Header AD

সুপ্রিম হস্তক্ষেপ ও ট্রাইবুনালের নির্দেশ সত্ত্বেও ভোট দেওয়া হল না নন্দলাল বসুর নাতির

sc nandalal

সুপ্রিম কোর্টের (Supreme Court) হস্তক্ষেপ এবং ট্রাইবুনালের রায়—সবকিছুর পরেও শেষ পর্যন্ত ভোট দিতে পারলেন না প্রখ্যাত শিল্পী নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন এবং তাঁর স্ত্রী দীপা সেন। বৃহস্পতিবার বোলপুরের একটি ভোটকেন্দ্রে গিয়ে তাঁরা ভোটাধিকার প্রয়োগের চেষ্টা করলেও, ভোটার তালিকায় নাম না থাকায় তা সম্ভব হয়নি (West Bengal Assembly Election)।

জানা গিয়েছে , এদিন বুথে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তাঁদের জানান, তালিকায় দুজনেরই নাম নেই। তখন বৃদ্ধ দম্পতি সুপ্রিম কোর্টের নির্দেশের কপি দেখালেও, সেটির মুদ্রিত সংস্করণ জমা দিতে বলা হয়। সেই নির্দেশ মেনেও শেষ পর্যন্ত ভোট দেওয়ার অনুমতি পাননি তাঁরা। অভিযোগ, তাঁদের সিউড়ির জেলাশাসকের দপ্তর থেকে লিখিত অনুমতি এনে দিতে বলা হয়। তবে বয়সজনিত কারণে সেই অতিরিক্ত ধকল নিতে চাননি সুপ্রবুদ্ধ ও দীপা, ফলে ভোট না দিয়েই ফিরে যেতে বাধ্য হন তাঁরা।

উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ার সময়ই তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যায়। এরপর তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে ট্রাইবুনালের দ্বারস্থ হন ওই অশীতিপর দম্পতি। চলতি মাসের শুরুতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, তাঁদের আবেদনের ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করতে হবে। শুনানির সময় সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও, চূড়ান্ত তালিকায় তাঁদের নাম স্থান পায়নি। পরে ট্রাইবুনালের নির্দেশে নাম অন্তর্ভুক্ত হয়েছে বলে জানা গেলেও, বাস্তবে ভোটের দিনে সেই সুবিধা মিলল না।

ঘটনাটি সামনে আসতেই প্রশাসনিক স্তরে নড়াচড়া শুরু হয়েছে। সূত্রের খবর, সংশ্লিষ্ট বুথের প্রিসাইডিং অফিসারকে ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।