“এবারের ভোট খুব গুরুত্বপূর্ণ। একটা ভোটও দামি। অন্য কোনও পার্টিকে ভোট দিয়ে ভোট ভাগ করবেন না। লোকসভাটা বিজেপিকে দিয়েছেন। কংগ্রেসকে দিয়েছেন। বিধানসভাটা আমাদের দিন” মালদহের গাজোলে নির্বাচনী জনসভা থেকে এই আবেদন রাখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি এদিনের সভা থেকে বিজেপি- সিপিএম- কংগ্রেসকে একযোগে নিশানা করলেন তিনি।
এদিনের সভা থেকে এসআইআর-এ নাম বাদ যাওয়া নিয়ে ফের সরব হন তৃণমূল নেত্রী। তিনি প্রশ্ন তোলেন “লক্ষ লক্ষ নাম বাদ গিয়েছে। কে এর বিচার দেবে?” তিনি বলেন, ‘‘এসআইআরে মৃতদের আত্মা শান্তি পাবে যদি তৃণমূলকে ভোট দেন।’’ তাঁর দাবি, এসআইআর আসলে বিজেপির একটি ‘প্ল্যান’!
এ প্রসঙ্গে কংগ্রেসকে নিশানা করেন তৃণমূল নেত্রী। তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে বাম-বিজেপি এবং কংগ্রেস এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে। কংগ্রেসকে নিশানা করে মমতা বলেন, ‘‘এখন তরমুজ-খোরমুজ আবার এক হয়ে গিয়েছে। কংগ্রেস! লজ্জা করে না? যখন এসআইআরের বিরুদ্ধে লড়েছিলাম, দিল্লি যেতে বলেছিলাম। যায়নি।’’ নাম না করে মমতা এদিন মিম-কে নিশানা করেছেন মালদহের গাজলে। তিনি বলেন, ‘‘এসআইআরের সময় ঘোড়ার ডিমগুলো কোথায় ছিল? যখন মানুষের নাম কাটছিল এসআইআরে, তখন কোথায় ছিল হায়দরাবাদের এই নেতারা?’’
সভা থেকে বিজেপি সরকার ও নরেন্দ্র মোদিকে তোপ দেগে তিনি বলেন, ‘‘মুসলমানরা যদি সত্যিই খারাপ হয়, তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন সৌদি আরবে যান, সেখানে গলা তো জড়ান! তখন মনে থাকে না ওটা হিন্দু না মুসলিম? আমরা সকলে দুবাই গিয়েছি। ওরা আমাদের সকলকে ভালবাসে। কিন্তু মোদীবাবু যখন ওখানে একপাতে খান, তখন আপনার জাত যায় না? ওদের একদিকে মুখ আর একদিকে মুখোশ!’’একই সঙ্গে সভায় নাম না করে অমিত শাহকেও নিশানা করেন তৃণমূল নেত্রী।





