Header AD

ভোটের মুখে ফের সক্রিয় ইডি, বালিগঞ্জে সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি অভিযান

Sona Pappu ED Raid

ভোটের আবহে ফের সক্রিয় হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার ভোরে কলকাতার বালিগঞ্জের ফার্ন রোডে বিশ্বজিৎ পোদ্দার ওরফে ‘সোনা পাপ্পু’র বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। একই সঙ্গে শহরের আরও ৫-৬টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে সূত্রের খবর।

ইডি সূত্রে জানা গিয়েছে, জমি দখল করে বেআইনি নির্মাণ সংক্রান্ত আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তেই এই অভিযান। সোনা পাপ্পুর বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী এবং বাড়ির ভিতরে তল্লাশি চলছে জোরকদমে। শুধু তাঁর বাড়িই নয়, বালিগঞ্জের একটি সংস্থার অফিস এবং সেই সংস্থার মালিকের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। উল্লেখ্য, ওই মালিককে আগে কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তবে ওই সংস্থার সঙ্গে সোনা পাপ্পুর সরাসরি কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

এর আগে গোলপার্কের কাঁকুলিয়া রোডে গুলি ও বোমা চলার ঘটনায় সোনা পাপ্পুর নাম উঠে আসে। কসবা ও তোপসিয়া এলাকায় তাঁর দাপট ছিল বলে স্থানীয়দের দাবি। পরিবারের সোনার ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও ধীরে ধীরে অপরাধ জগতে নিজের প্রভাব বিস্তার করেন তিনি। ২০১৫ সালে বালিগঞ্জ রেল ইয়ার্ডে এলাকা দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তাঁর নাম সামনে আসে। পরে ২০১৭ সালে একটি খুনের মামলাতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে। এছাড়াও একাধিক মামলায় অভিযুক্ত হয়ে বর্তমানে তিনি পলাতক বলে জানা গিয়েছে।

এই পরিস্থিতিতে তাঁর বাড়িতে ইডির হানা নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য তৈরি করেছে।