Header AD

ভোটের মুখে অতিসক্রিয় ইডি! দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা, চক্রান্তের অভিযোগ তৃণমূলের

debashish kumar

বাংলায় বিধানসভা নির্বাচনের আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। তার আগেই রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়াল আয়কর দপ্তরের হানাকে কেন্দ্র করে। রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে শুক্রবার ভোরবেলা হানা দেন আয়কর বিভাগের আধিকারিকরা। আচমকা এই তল্লাশি অভিযানে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, ভোর থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁর বাসভবন ও অফিস ঘিরে ফেলে। নিরাপত্তার কড়া বলয়ে শুরু হয় তল্লাশি অভিযান। একাধিক নথি খতিয়ে দেখা হয় বলে জানা গিয়েছে। যদিও ঠিক কী কারণে এই অভিযান, সে বিষয়ে এখনও পর্যন্ত আয়কর দপ্তরের তরফে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। অন্যদিকে, ভোটের মুখে এই হানাকে ঘিরে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। দলের দাবি, এটি সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

সূত্র মারফত জানা যাচ্ছে, শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের মনোহরপুকুরের বাড়ি ও কার্যালয়ে হঠাৎই হাজির হন আয়কর দফতরের আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। রাসবিহারীর এই প্রার্থীর দুটি ঠিকানায় একযোগে শুরু হয় তল্লাশি অভিযান। তবে ঠিক কোন অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি চালানো হচ্ছে, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। পরিস্থিতির জেরে প্রচার আপাতত স্থগিত রেখেছেন দেবাশিস কুমার। এদিকে আয়কর হানার খবর ছড়াতেই কার্যালয়ে ভিড় জমিয়েছেন তৃণমূল সমর্থকরা। সেখানে বিক্ষোভ ও স্লোগান শোনা যায়। সমর্থকদের অভিযোগ, কার্যালয়ের কর্মীদের নথিপত্র খতিয়ে দেখেন আয়কর আধিকারিকরা, যা তাঁদের মতে নিয়মবহির্ভূত।

প্রসঙ্গত, ভোটের আবহে বাংলায় ফের সক্রিয় হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। জমি দখল সংক্রান্ত একটি প্রতারণা মামলায় কয়েকদিন আগেই বিদায়ী বিধায়ক তথা রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে তলব করা হয়। তিনি ইডির দপ্তরে হাজিরাও দেন।