প্রথম দফার ভোটপর্ব শেষ হতেই আবারও সক্রিয় হয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শনিবার ভোর থেকেই কলকাতা, হাবড়া এবং বর্ধমান মিলিয়ে মোট ৯টি জায়গায় তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। আর্থিক তছরুপের অভিযোগে কয়েকজন চাল ব্যবসায়ীকে ঘিরে এই অভিযান হচ্ছে বলে তদন্তকারী আধিকারিক সূত্রে জানা গিয়েছে।
উত্তর ২৪ পরগনার হাবড়ায় (Habra) একযোগে একাধিক ব্যবসায়ীর বাড়ি, গুদাম এবং চালকলে হানা দেয় ইডির আলাদা আলাদা দল। দক্ষিণ হাবরার সুভাষ রোড এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি ও গুদামে তল্লাশি চালানো হয়। পাশাপাশি জয়গাছি নেতাজি রোড সংলগ্ন আরও কয়েকজন ব্যবসায়ীর বাড়িতেও তদন্তকারীরা পৌঁছে যান। অভিযানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও উপস্থিত ছিলেন। সূত্রের খবর, যাঁদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চলছে, তাঁদের প্রত্যেকেই চাল ব্যবসার সঙ্গে যুক্ত। আর্থিক অনিয়ম ও লেনদেনে অসঙ্গতির অভিযোগ খতিয়ে দেখতেই এই অভিযান বলে জানা গিয়েছে। শনিবার সকালে সিজিও কমপ্লেক্স (CGO Complex) থেকে ইডির একাধিক দল রওনা দিয়ে নির্দিষ্ট জায়গাগুলোতে পৌঁছে তল্লাশি শুরু করে।
উল্লেখ্য, রাজ্যে ভোটের আবহে গত কয়েক সপ্তাহ ধরেই একাধিক মামলায় সক্রিয় হয়েছে ইডি। বিভিন্ন ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে তদন্তের গতি বেড়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সংস্থার পদক্ষেপকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নতুন করে চাপানউতোর। এবার সেই তালিকায় যুক্ত হল চাল ব্যবসায়ীদের নামও।




