আসন্ন বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গ (North Bengal) থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার দুপুরে চালসা পৌঁছে বাতাবারি মহাবাড়ি চার্চের অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। আজ বুধবার তিনটি জনসভা রয়েছে তাঁর। ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের (Moynaguri Assembly Election) তৃণমূল প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে জনসভা করলেন তিনি। গ্যাসের সংকট (LPG crisis), জিনিসের দাম বৃদ্ধি, SIR সহ নানা ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন মমতা। ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠে নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে তিনি বলেন, “বিজেপি-কমিশন মিলে তো আমার হাত থেকে সব কেড়ে নিয়েছে। আমার হাতে শুধু একটাই জিনিস আছে, আমার কাছে মানুষ আছে।“
ভোট ঘোষণার পরেই রাজ্য নির্বাচন কমিশন (ECI) রাজ্যের শীর্ষ প্রশাসনিক ও পুলিশের পদস্থ কর্মকর্তাদের বড়সড় পরিবর্তন আনে। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবসহ একাধিক প্রশাসনিক শীর্ষকর্তাদের সরানো হয়েছে। পাশাপাশি রাজ্যের ডিজি এবং কলকাতার সিপি-সহ একাধিক পুলিশকর্তাও বদলি হয়েছেন। ভোটের আগে ৭৩ জন রিটার্নিং অফিসারকেও সরিয়ে দেওয়া হয়েছে। মমতা বহুবার অভিযোগ করেছেন, কমিশন এই সব পদক্ষেপ করছে বিজেপির অঙ্গুলিহেলনে। এদিনের সভা থেকে মমতার অভিযোগ, পশ্চিমবঙ্গকে বিহারের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র করছে BJP।
এদিন ময়নাগুড়ির উন্নয়নের কথাও তাঁর বক্তব্যে তুলে ধরেন তৃণমূল সুপ্রিমো। মমতা বলেন, ‘‘ময়নাগুড়ি আমার পছন্দের জায়গা। জল্পেশ শিবমন্দিরে ৫ কোটির স্কাইওয়াক করে দিয়েছি। নতুন হাসপাতাল হয়েছে। পলিটেকনিক হয়েছে। ময়নাগুড়ি ব্লকে ১৬৩ কোটি খরচে জলপ্রকল্প হয়েছে। ঘরে ঘরে জল পৌঁছে দেব। আমাদের ইস্তেহারে আছে। চ্যাংরাবান্দ থেকে জোড়পুখরি ১৪ কিমি রাস্তার মানোন্নয়ন হয়েছে।’’ বিজেপির প্রচার সর্বস্ব রাজনীতিকে নিশানা করে এদিনের সভা থেকে মমতা বলেন, ‘‘ওরা শুধু মিথ্যা বলে আর মানুষকে লাইনে দাঁড় করায়। সোশ্যাল মিডিয়ায় প্রচার করে, বিজ্ঞাপন করে। আমরা পরিষেবা দিচ্ছি। যত পারে চক্রান্ত করে। আমার মা-বোনেরা রেডি আছে। একজনের নাম বাদ গেলেও দেখে নেব। ভোটচুরি রুখে দেবেন মা-বোনেরা। ছেলেদের পেছনে রাখবেন। আপনারা সামনে থাকবেন।“ তৃণমূল নেত্রীর মতে, SIR বিজেপির পতন ডেকে আনবে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রসঙ্গে মমতা বলেন, ‘‘রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছি। যা নাম উঠেছে এজন্য উঠেছে। তবে আমার কৃতিত্ব নেই। মানুষের কৃতিত্ব।“ ময়নাগুড়িবাসীর প্রতি তাঁর আহ্বান, ‘‘চা-বাগান খোলা রাখতে, চা সুন্দরী চালু রাখতে তৃণমূলকে ভোট দিন।“





