অবশেষে গত কয়েক দিনের টানা গরম থেকে কিছুটা স্বস্তি!দুপুর গড়াতেই বুধবার বিকেলে কলকাতা এবং শহরতলিতে ঝেঁপে বৃষ্টি নামল (Thunderstorm)। আকাশ কালো করে বিকেলেই সন্ধ্যার মতো পরিস্থিতি তৈরি হল এক লহমায়। সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েক দিন এমনই ঝড়বৃষ্টি চলবে। তার ফলে কমতে পারে তাপমাত্রাও (weather Update)।
এদিন বিকেলে কলকাতার আকাশ কালো করে আসে মেঘে। প্রথমে শুরু হয় ঝোড়ো হাওয়া। তারপর শুরু হয় বৃষ্টি। সঙ্গে চলতে থাকে বজ্রপাতও। বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমেছে। কলকাতা-সহ নদিয়া ও পার্শ্ববর্তী জেলাগুলিতেও বৃষ্টি হয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস। শুধু তাই নয়, কিছু জেলায় কালবৈশাখীর সর্তকতাও থাকছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদের মতো জেলায়। অন্যান্য জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় হওয়ার কথা জানানো হয়েছে।
প্রসঙ্গত, উত্তরবঙ্গে বর্ষা আনুষ্ঠানিক ভাবেই প্রবেশ করে গিয়েছে। ফলে সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগু়ড়ি এবং আলিপুরদুয়ারে। উত্তরের বাকি জেলাগুলিতে বৃষ্টি হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার। আগামী মঙ্গলবার পর্যন্ত টানা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে।





