প্রথম দফার ভোটে দুপুর ২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ECI) দপ্তরে ৭০০-রও বেশি অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। এর মধ্যে প্রায় একশোটি অভিযোগ কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে। সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে ইভিএম খারাপ হওয়ার ঘটনা নিয়ে। অন্যদিকে, প্রথম দফার ভোটের প্রথম ভাগেই কৃষ্ণনগর থেকে নরেন্দ্র মোদি মন্তব্য করেন, গত পাঁচ দশকের মধ্যে এই প্রথম বাংলা নাকি হিংসামুক্ত ভোটের সাক্ষী হচ্ছে। পাশাপাশি রেকর্ড সংখ্যক ভোটদানের জন্য নির্বাচন কমিশনের প্রশংসাও করেন তিনি।
বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে প্রথম দফার বিধানসভা নির্বাচনের (ElectioninBengal) ভোটগ্রহণ শুরু হয়েছে। SIR পর্ব শেষ হওয়ার পর এই ভোটে উৎসাহের সঙ্গে দলে দলে ভোট দিচ্ছেন সাধারণ মানুষ। তবে দিনের শুরুতেই একাধিক বুথে ইভিএম খারাপ থাকার অভিযোগ সামনে আসে। বড়ঞা বিধানসভার ১৫৬ নম্বর বুথ, শামসেরগঞ্জের ২১২ নম্বর বুথ, মুর্শিদাবাদের কান্দি বিধানসভার ১৩০ নম্বর বুথ এবং কোচবিহার টাউন হাই স্কুলের ২২৯ নম্বর বুথ-সহ বিভিন্ন জায়গায় ইভিএমে ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ের পরে ভোটগ্রহণ শুরু হয়। এই ঘটনাগুলি নিয়েই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে তৃণমূল।
বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সামগ্রিকভাবে এবারের ভোটপর্ব মোটের উপর শান্তিপূর্ণভাবেই এগোচ্ছে। তবে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের দাবি, কেন্দ্রীয় বাহিনীর কিছু সদস্য ভোটারদের ওপর প্রভাব খাটাচ্ছেন এবং তাঁদের হেনস্তা করছেন। ঝাড়গ্রাম ও চোপড়া-সহ কয়েকটি এলাকায় ভোটারদের মারধরের অভিযোগও সামনে এসেছে বলে জানিয়েছে তারা। এই সব বিষয় নিয়েই নির্বাচন কমিশনের কাছে প্রায় ১০০-র বেশি অভিযোগ জমা দিয়েছে তৃণমূল। সব মিলিয়ে দুপুর ২টো পর্যন্ত মোট অভিযোগের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে।




