দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভাকে রাজ্যের অন্যতম ‘মডেল বিধানসভা’ হিসেবে গড়ে তোলার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ফলতায় আয়োজিত জনকল্যাণ শিবিরে উপস্থিত হয়ে তিনি এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প ও উদ্যোগের কথা ঘোষণা করেন।
একসময় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্যতম প্রভাবশালী বিধানসভা হিসেবে পরিচিত ছিল ফলতা। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খানের দাপট এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তথাকথিত ‘ডায়মন্ড হারবার মডেল’-এর অন্যতম কেন্দ্র ছিল এই এলাকা। তবে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর সেই চিত্র বদলেছে। নির্বাচনী অশান্তির অভিযোগের জেরে ফের ভোট হয় এবং সেখানে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় বিজেপি।
এদিনের সভা থেকে শুভেন্দু অধিকারী জানান, ফলতার আইনশৃঙ্খলা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে। বিশেষ করে মহিলাদের নিরাপত্তার দিকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে। ফলতা থানায় মহিলাদের জন্য পৃথক হেল্পডেস্ক চালুর পাশাপাশি থানার পরিকাঠামোও উন্নত করা হবে।
স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও বড় পদক্ষেপের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ফলতা গ্রামীণ হাসপাতালকে ১০০ শয্যার আধুনিক হাসপাতালে উন্নীত করা হবে। সেখানে অভিজ্ঞ চিকিৎসক নিয়োগের পাশাপাশি অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থাও করা হবে। সাধারণ মানুষের জন্য জনঔষধি কেন্দ্র স্থাপনের কথাও ঘোষণা করা হয়েছে।
শিল্পোন্নয়নের প্রসঙ্গে এদিন শুভেন্দু বলেন, ফলতার বিশেষ অর্থনৈতিক অঞ্চল (SEZ)-কে আরও সম্প্রসারিত করা হবে। পাশাপাশি বন্দরভিত্তিক শিল্প ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে।
শিক্ষা ও পরিকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ফলতায় একটি মহিলা কলেজ এবং একটি নতুন ফায়ার স্টেশন গড়ে তোলার অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সব মিলিয়ে স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, নিরাপত্তা ও প্রশাসনিক পরিকাঠামোর উন্নয়নের মাধ্যমে ফলতাকে একটি আদর্শ বিধানসভা হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে এদিন স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।





