Header AD

২৮ ফেব্রুয়ারি প্রকাশ চূড়ান্ত ভোটার তালিকা: অনলাইন ও অফলাইন- দুভাবেই দেখা যাবে নাম

election commission of india

সুপ্রিম নির্দেশ মেনে শনিবার, ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে বাংলার চূড়ান্ত ভোটার তালিকা। স্বাভাবিকভাবেই বহু ভোটারের মনে প্রশ্ন—তালিকায় নিজের নাম রয়েছে তো? তাই প্রকাশের সঙ্গে সঙ্গেই অনেকেই যাচাই করে নিতে চান সব তথ্য ঠিক আছে কি না।

সূত্রের খবর, চূড়ান্ত তালিকা আপলোড করা হবে Election Commission of India-র অফিসিয়াল ওয়েবসাইটে। অর্থাৎ eci.gov.in-এ প্রবেশ করলেই দেখা যাবে নিজের নাম ভোটার তালিকায় রয়েছে কি না। পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in-এও তালিকা প্রকাশিত হবে।

এছাড়া কমিশনের মোবাইল অ্যাপ ECINET-এর মাধ্যমেও সহজে মিলবে তথ্য। সেখানে নিজের নাম বা এপিক (EPIC) নম্বর দিলেই স্ক্রিনে ভেসে উঠবে সংশ্লিষ্ট সব বিবরণ। যদি কারও নাম সংক্রান্ত কোনও সমস্যা থাকে বা নাম বাদ পড়ে গিয়ে থাকে, সেটিও জানা যাবে। যাদের নাম মুছে দেওয়া হয়েছে, তাঁরা এপিক নম্বর দিলে স্ট্যাটাসে ‘Deleted’ দেখাবে।

যাঁরা অনলাইনে স্বচ্ছন্দ নন, তাঁদের জন্য থাকছে অফলাইনের ব্যবস্থাও। নিজেদের সংশ্লিষ্ট বুথে গিয়ে বিএলও (Booth Level Officer)-র কাছে সরাসরি খোঁজ নেওয়া যাবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁদের কাছে হার্ড কপি পাঠানো হবে, সেখান থেকেই যাচাই করা যাবে ভোটার তালিকা।