রাজ্যের নতুন বিজেপি সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে আগামী সপ্তাহে। ২২ জুন বাজেট পেশ হওয়ার কথা। তার আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে শিল্পপতি ও ব্যবসায়ী মহলের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্য সরকারের নবনিযুক্ত অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। বৈঠক শেষে তিনি জানান, এবার মানুষের মতামত ও চাহিদার ভিত্তিতেই রাজ্যের বাজেট তৈরি করা হচ্ছে।
বৃহস্পতিবার শিলিগুড়ির উত্তরকন্যা (Uttarkanya)-তে অনুষ্ঠিত প্রাক-বাজেট বৈঠকে উপস্থিত ছিলেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik),আনন্দময় বর্মণ (Anandamoy Barman), প্রশাসনিক আধিকারিক এবং উত্তরবঙ্গের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। বৈঠকে ব্যবসায়ীরা তাঁদের দীর্ঘদিনের নানা সমস্যা তুলে ধরেন।
বিশেষ করে জিএসটি সংক্রান্ত মামলার নিষ্পত্তির জন্য উত্তরবঙ্গের ব্যবসায়ীদের কলকাতায় যেতে হয়- এই সমস্যার কথা গুরুত্ব দিয়ে শোনেন অর্থমন্ত্রী। তিনি জানান, আসন্ন বাজেটে উত্তরবঙ্গে একটি জিএসটি ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব রাখা হবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যবসায়ীদের প্রশাসনিক জটিলতা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
এদিন চা শিল্পের সংকটও আলোচনায় উঠে আসে। উত্তরবঙ্গের অর্থনীতির অন্যতম ভিত্তি এই শিল্পের সমস্যাগুলির সমাধানে সরকার ধাপে ধাপে পদক্ষেপ নেবে বলে আশ্বাস দেন স্বপন দাশগুপ্ত। পাশাপাশি মালদা (Malda)-র বিখ্যাত আম শিল্প ও বাণিজ্যকে আরও এগিয়ে নিতে বাজেটে বিশেষ উদ্যোগের ইঙ্গিতও দেন তিনি।
অর্থমন্ত্রীর দাবি, এটি মূলত আট মাসের অন্তর্বর্তীকালীন বাজেট হলেও সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়েই তা তৈরি করা হচ্ছে। তাঁর কথায়, আগের সরকারের আমলের মতো একতরফাভাবে নয়, বরং বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করেই উন্নয়নের রূপরেখা নির্ধারণ করা হবে।
উত্তরবঙ্গের উন্নয়নকে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলেও দাবি করেন তিনি। এখন নজর ২২ জুনের বাজেটের দিকে—উত্তরবঙ্গের জন্য ঘোষিত প্রতিশ্রুতিগুলির কতটা বাস্তব প্রতিফলন দেখা যায়, সেটাই দেখার।





